ঢাকা-চট্টগ্রাম বিমানবন্দরে কাস্টমসের অভিযান, কোটি টাকার পণ্য জব্দ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা ও চট্টগ্রাম

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২০
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে জব্দ করা পণ্য। ছবি: সংগৃহীত
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে জব্দ করা পণ্য। ছবি: সংগৃহীত

ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) ধারাবাহিক অভিযানে প্রায় ১ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে বিদেশি সিগারেট, মোবাইল ফোন, মোবাইলের এলসিডি ও ডিসপ্লেসহ মাদারবোর্ড, বিদেশি মদ, ওষুধ ও স্বর্ণালংকার।

গত ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসব অভিযান চালানো হয়। সিআইআইডি সূত্রে জানা গেছে, জব্দ করা পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ১৩ হাজার ১০০ টাকা।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, ৩১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল বিমানবন্দরে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের (এসভি৮০৪) একটি ফ্লাইটে আসা দুই যাত্রীর ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় মনসুর আলম কাছ থেকে ২৩১ কার্টুন ও নওয়াজ শরিফের কাছ থেকে ২৫০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২৪ হাজার টাকা।

একই দিন ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজের (টিজি৩৩৯) একটি ফ্লাইটের যাত্রী টিপু আল ইমরানের ব্যাগেজ তল্লাশি করে ৩৬টি স্মার্টফোন জব্দ করা হয়। এর মধ্যে ১৯টি রেডমি টার্বো ৪ প্রো এবং ১৭টি অনর ২০০। এসব ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।

ইমরানের ব্যাগেজ থেকে আরও ৫৫০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল এলসিডি এবং ৯৫০টি বাটন মোবাইলের ডিসপ্লেসহ মাদারবোর্ড জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য যথাক্রমে ৩৬ লাখ ২৫ হাজার টাকা।

এ ছাড়া বিমানবন্দর এলাকায় টহলের সময় ব্যাগেজ বেল্টের পাশে একটি পরিত্যক্ত হাতব্যাগ পাওয়া যায়। সেটি থেকে আনুমানিক ৩ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।

১ সেপ্টেম্বর বাহরাইন থেকে আসা গালফ এয়ারের (জিএফ২৪৮) একটি ফ্লাইটের যাত্রী আল আমিনের ব্যাগেজ তল্লাশি করে প্রায় ১৮ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।

অন্যদিকে, ৩১ আগস্ট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের (বিজি১৪৮) একটি ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ১২ কার্টন বিদেশি সিগারেট, রোয়াটিনেক্স ও সাবরিল নামের ওষুধ এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারির মাধ্যমে চোরাচালান ও অবৈধ আমদানি প্রতিরোধে এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত