নেপালে বন্যায় নিহত বেড়ে ১১১৮, কয়েক পর্যটকের খোঁজ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

আকস্মিক বন্যার পর কাদায় ঢাকা রাস্তা দিয়ে হেঁটে চলেছেন স্থানীয় বাসিন্দা। ছবি: সিএনএন
আকস্মিক বন্যার পর কাদায় ঢাকা রাস্তা দিয়ে হেঁটে চলেছেন স্থানীয় বাসিন্দা। ছবি: সিএনএন

নেপালে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১ হাজার ১১৮ হয়েছে। এখনো ৩ হাজার ৯০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজ থাকা কয়েকজন পর্যটক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। উদ্ধার তৎপরতা এখনো চলছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩২৪ জন বিদেশি নাগরিককে উদ্ধার করা হয়েছে। ৩৯টি দেশের প্রায় ৫৯০ জন এখনো নিখোঁজ রয়েছেন। বন্যার এক সপ্তাহ পরও তাঁদের সন্ধান চলছে।

নিখোঁজ পর্যটকদের কয়েকজনের যোগাযোগ

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বুধবার জানিয়েছেন, বন্যায় নিখোঁজ অস্ট্রেলীয় নাগরিকের সংখ্যা ৪৩ থেকে কমে ৩৮ হয়েছে। রাতের মধ্যে পাঁচজনের নিরাপদে থাকার খবর নিশ্চিত হওয়া গেছে।

পালাউতে একটি আঞ্চলিক সম্মেলনে সাংবাদিকদের আলবানিজ বলেন, এত বড় বিপর্যয়ের মধ্যেও কিছু ভালো খবর পাওয়া যাচ্ছে। আজ আরও পাঁচজন অস্ট্রেলীয় নাগরিক নিরাপদে আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, আমরা অবশ্যই আরও ভালো খবরের আশা করছি। এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নেপাল ট্যুরিজম বোর্ডের মুখপাত্র সুনীল শর্মা জানিয়েছেন, নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত আরও অন্তত পাঁচজন বিদেশি পর্যটক গত কয়েক দিনে যোগাযোগ করেছেন।

উদ্ধারকাজে চীনও সড়ক তৈরি করেছে

চীনও উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। নেপাল সীমান্তের গিরং বন্দরে দুর্যোগকবলিত এলাকায় পৌঁছাতে উদ্ধারকর্মীদের জন্য একটি অস্থায়ী সড়ক তৈরি করা হয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি।

চীন জানিয়েছে, দুর্যোগে রোববার পর্যন্ত দেশটিতে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৫৪৬ জন।

গত ২৬ আগস্ট হিমালয় অঞ্চলে এই দুর্যোগের শুরু। হিমবাহ ধসে পাথর, বরফ ও গলিত পানি নিচের উপত্যকাগুলোতে নেমে আসে। এতে ব্যাপক বন্যার সৃষ্টি হয়।

পরে সেই পানির স্রোত তিব্বত ও নেপালের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীগুলোতে প্রবেশ করে। নদীর পানি দ্রুত বেড়ে যায়। প্রবল স্রোতে ঘরবাড়ি, ভবন, সড়ক ও সেতু ভেসে যায়। পানির সঙ্গে কাদা ও পাথরও নিচের দিকে ধেয়ে আসে।

সূত্র: এপি

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত