চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু জুলাইয়ে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

ডেঙ্গু। স্ট্রিম গ্রাফিক

চলতি বছর দেশে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে জুলাই মাসে। বছরের অন্য মাসের তুলনায় জুলাইয়ে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যাও সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী, জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২০৬ জন, যাদের মধ্যে মারা গেছেন ৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যান বলছে, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জন করে মারা যান। মার্চ ও এপ্রিলে ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। মে মাসে একজনের মৃত্যু হয়। জুনে মারা যান ১৩ জন। এরপর জুলাইয়ে সেই সংখ্যা হয়েছে ৩৬ জনে।

আক্রান্তের সংখ্যাতেও একই ধারা দেখা গেছে। জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল ১ হাজার ৮১ জন। ফেব্রুয়ারিতে ৪০৯ জন, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জন মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হন। এরপর জুনে ২ হাজার ৯০৭ জন থেকে জুলাইয়ে এক লাফে আক্রান্ত দাঁড়িয়েছে ৯ হাজার ২০৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশে ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩১০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৬৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার সাবেক পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বে-নজির আহমেদ বলেন, ‘মে-জুন-জুলাই ডেঙ্গু সংক্রমণের স্বাভাবিক মাস। আগস্টে এই সংক্রমণ ব্যাপক হারে বাড়তে পারে। আপাত দৃষ্টিতে সরকারকে ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। অন্যান্য বছরের মতো এবারও গতানুগতিক প্রক্রিয়ায় ডেঙ্গু নিয়ন্ত্রণে এগোচ্ছে সরকার।’

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত