রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, রোববার ১১ দলীয় ঐক্যের বৈঠক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

শনিবার জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। ছবি: সংগৃহীত

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। বিরোধীদলের প্রার্থী দেওয়ার বিষয়টি বৈঠকে চূড়ান্ত করা হবে।

শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাষ্ট্রপতি নির্বাচনে অংশ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, রোববার বেলা সাড়ে ১১টায় মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে। সেখানে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের বিষয়ে আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বৈঠক শেষে গণমাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুসারে, ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিল করা যাবে। রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ হবে ২০ আগস্ট। ক্ষমতাসীন ও বিরোধী দল থেকে আলাদা প্রার্থী দেওয়া হলেই ভোটের প্রস্তুতি গ্রহণ করা হবে। বিরোধী দল রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন না দিলে ভোটের প্রয়োজন হতো না।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত