সার্বিয়ায় দাবা প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের তাহসিন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০০: ১৩
তাহসিন তাজওয়ার জিয়া। ছবি: সংগৃহীত

সার্বিয়ার পোজারেভাচ শহরে আয়োজিত ‘রুদার ৩৫-এ গ্র্যান্ড মাস্টারস’ দাবা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।

১০ প্রতিযোগীর রাউন্ড-রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে মোট ৯ ম্যাচ খেলে সাড়ে পাঁচ পয়েন্ট সংগ্রহ করেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা প্রতিযোগীর সমান পয়েন্ট অর্জন করলেও টাইব্রেকিং পদ্ধতির সমীকরণে তৃতীয় হন তাহসিন।

টুর্নামেন্টের শেষ রাউন্ডের অন্তিম পর্বে ভারতের ফিদে মাস্টার আরিত কাপিলের সঙ্গে ড্র করে হাফ পয়েন্ট পান তাহসিন। এর আগে অষ্টম রাউন্ডে রাশিয়ার শক্তিশালী গ্র্যান্ড মাস্টার দিমিত্রভ রাডোশ্লাভের কাছে হেরে যান তিনি।

টুর্নামেন্টে মোট ৬ পয়েন্টে শিরোপা জয় করেছেন ভারতের ফিদে মাস্টার আরিত কাপিল।

বাংলাদেশের প্রথম গ্রান্ডমাস্টার নিয়াজ মোরশেদ সম্প্রতি স্ট্রিমকে দেওয়া এক সাক্ষাৎকারে, মনন রেজা ও ফাহাদের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে তাহসিনকে রেখেছেন।

তাহসিন আন্তর্জাতিক মাস্টারের তিন নর্ম পেয়েছেন। বর্তমানে তাহসিনের রেটিং ২৩১৮। আইএম খেতাব পেতে ২৪০০ রেটিংয়ের প্রয়োজন। বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার প্রয়াত জিয়াউর রহমানের একমাত্র সন্তান তাহসিন তাজওয়ার জিয়া।

আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও সার্বিয়া, রাশিয়া, ভারত, বুলগেরিয়া ও উজবেকিস্তানের দাবাড়ুরা অংশ নেন। অংশগ্রহণকারী ১০ জন প্রতিযোগীর মধ্যে ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৩ জন আন্তর্জাতিক মাস্টার এবং ৪ জন ফিদে মাস্টার ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত