ভোলা-২

গ্যাস-বিদ্যুতের ভোলায় কেন বেকারত্বের অভিশাপ, প্রশ্ন তরুণ ভোটারদের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ভোলা

প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ সম্পদে সমৃদ্ধ ভোলায় কেন বেকারত্ব, প্রশ্ন তরুণ ভোটারদের। স্ট্রিম ছবি
প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ সম্পদে সমৃদ্ধ ভোলায় কেন বেকারত্ব, প্রশ্ন তরুণ ভোটারদের। স্ট্রিম ছবি

প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ সম্পদে সমৃদ্ধ ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এই আসনে এবার ১৭ হাজারের বেশি তরুণ ও নতুন ভোটার প্রথমবারের মতো তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে এই বিশাল তরুণ জনগোষ্ঠীর কাছে কেবল রাজনৈতিক স্লোগান নয়, বরং কর্মসংস্থান, সুশাসন, নারী নিরাপত্তা ও মানসম্মত শিক্ষা—এই চারটি বিষয়ই নির্বাচনী রায়ের প্রধান মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে।

বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা নিয়ে গঠিত ভোলা-২ আসনটি জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বিখ্যাত শাহবাজপুর গ্যাসক্ষেত্রের পাশাপাশি ৩৪ দশমিক ৫ ও ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি গ্যাসভিত্তিক পাওয়ার প্ল্যান্ট (বিদ্যুৎকেন্দ্র) রয়েছে। সম্প্রতি আরও ছয়টি গ্যাসকূপের সন্ধান মিললেও এই বিপুল প্রাকৃতিক সম্পদের সুফল স্থানীয়দের জীবনে কতটা পৌঁছেছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নতুন প্রজন্মের ভোটাররা।

দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের তরুণ ফয়সাল আহমেদ বলেন, ‘ভোলায় গ্যাস আছে, বিদ্যুৎ আছে। কিন্তু চাকরির জন্য আমাদের এখনো ঢাকায় ছুটতে হয়। এখানে গ্যাসভিত্তিক শিল্প-কলকারখানা গড়ে উঠলে আমাদের বেকারত্বের অবসান হতো।’

বোরহানউদ্দিন উপজেলার তরুণ ভোটার পারভেজ হাসান জানান, তাঁরা এমন প্রার্থীকে ভোট দিতে চান যিনি ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবেন এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করবেন।

নির্বাচনি আলোচনায় নারী ভোটারদের ভাবনাও বেশ গুরুত্ব পাচ্ছে। বোরহানউদ্দিন পৌরসভার নতুন ভোটার ঊর্মী হক বলেন, ‘আবেগে নয়, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব বাছাই করা দরকার। আমরা নারীর নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর পড়াশোনার সুযোগ চাই।

রাজনৈতিকভাবে এই আসনটি দীর্ঘকাল আওয়ামী লীগের দখলে ছিল। আওয়ামী লীগবিহীন এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফওজুল করিমের মধ্যে।

বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিম প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘ভোলা-২ এর গ্যাস সম্পদকে কাজে লাগিয়ে বড় শিল্পকারখানা গড়ে তোলা হবে। আমাদের প্রধান অগ্রাধিকার হবে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা।’

অন্যদিকে জামায়াত প্রার্থী মো. ফওজুল করিম বলেন, ‘আমরা সৎ নেতৃত্ব ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আমাদের কার্যকর পরিকল্পনা রয়েছে।’

ভোলা-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ৩১৩ জন। এর মধ্যে বোরহানউদ্দিন উপজেলায় ২ লাখ ২৬ হাজার ৭৪৫ জন এবং দৌলতখানে ১ লাখ ৬৪ হাজার ৫৬৮ জন ভোটার রয়েছেন। ১২ ফেব্রুয়ারির ব্যালট যুদ্ধে ১৭ হাজার নতুন ভোটারের রায়ই শেষ পর্যন্ত নির্ণায়ক ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত