রাষ্ট্রপতি নির্বাচনের আগ দিয়ে ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবি অবান্তর: গয়েশ্বর

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঢাকা

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৫: ১৭
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের কয়েক দিন আগে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবি অবান্তর বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এমপি। রোববার (১৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণার পর দলের পক্ষে ঢাকা-৩ আসনের এই সংসদ সদস্য বলেন, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ তারিখ। এই নির্বাচনে বিএনপির প্রার্থী ও দলের মহাসচিব (সদ্যসাবেক) মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বৈধ ঘোষণা করেছে ইসি।

এ সময় ১১ দলীয় ঐক্যের পক্ষে জামায়াত এমপির ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবির বিষয়ে প্রশ্ন করলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সংসদ পরবর্তীতে বিষয়টি বিবেচনা করতে পারে। তবে রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্ন অবান্তর এবং বিভ্রান্তি তৈরি করার মতো।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে ‘দল থেকে পদত্যাগ’ ও ‘সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান’ নিয়ে বলা হয়েছে। দল থেকে পদত্যাগের বিষয়ে বলা হয়েছে, ‘কোনো ব্যক্তি যদি যে দল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সেই দল থেকে পদত্যাগ করেন, তাহলে তাঁর আসন শূন্য হবে।

দলের বিপক্ষে ভোটদান নিয়ে বলা হয়েছে, ‘কোনো সংসদ সদস্য সংসদে তাঁর দলের বিপক্ষে ভোট দিলে বা ভোট দেওয়া থেকে বিরত থাকলে (যদি দল ভোট দেওয়ার নির্দেশ দেয়) তাঁর আসন শূন্য বলে গণ্য হবে।’

বিষয়টি নিয়ে আজ ইসিতে জামায়াতের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না। আমাদের দাবি, জুলাই সনদের আলোকে যেকোনো মূল্যে ভবিষ্যতে ধারাটি সংশোধন করতে হবে।

তবে গয়েশ্বর এই অভিযোগ নাকচ করে বলেন, আমাদের প্রচলিত সংবিধান অনুযায়ী চলতে হবে। সেই সংবিধানে যেখানে বাধা আছে, সেই বাধা অতিক্রম করার জন্য সংসদ থেকে সংশোধন করতে হবে। এর বাইরে না।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

রাষ্ট্রপতি নির্বাচনের আগ দিয়ে ৭০ অনুচ্ছেদ সংশোধনের দাবি অবান্তর: গয়েশ্বর