শিক্ষকদের প্রার্থিতার সুযোগ রাখাসহ বিভিন্ন দাবি নিয়ে ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৩: ৪৩
নির্বাচন কমিশন ভবনে ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল। স্ট্রিম ছবি

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের বিধান প্রত্যাহার, বিএনপি সংশ্লিষ্ট ব্যক্তির নিয়োগ বাতিলসহ বিভিন্ন দাবি নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে এই বৈঠক হয়।

বৈঠকে জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। ইসির পক্ষে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ আরও দুই কমিশনার ও ইসি সচিবালয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ।

বৈঠকে সিইসিকে দেওয়া চিঠিতে দলটি জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করে একটি প্রস্তাব সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। এই বিধান কার্যকর হলে দেশের প্রায় ৩০ হাজারের বেশি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক লাখ শিক্ষক-কর্মচারী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। এটি সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮-এ বর্ণিত সমতা ও বৈষম্যহীনতার নীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। তাই দলটি এই বিধান পুনর্বিবেচনা করে প্রত্যাহার বা সংশোধন করা প্রয়োজন বলে মনে করে।

এ ছাড়া সম্প্রতি ইসির অতিরিক্ত সচিব হিসেবে সামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে দলটি। জামায়াতে সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ারের সই করা চিঠিতে বলা হয়েছে, একটি রাজনৈতিক দলের সঙ্গে সামসুল আলমের সম্পৃক্ততার বিষয়টি জাতীয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা সম্পর্কে জনমনে প্রশ্ন ও আস্থাহীনতা তৈরি হওয়ায় নিয়োগটি বাতিল করা প্রয়োজন।

এর বাইরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে গত ৩০ জুন নির্বাচন কমিশনের খসড়া আইন ও বিধিমালার ওপর দেওয়া জামায়াতের মতামত ও উত্থাপন করা বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার অনুরোধও করা হয়েছে।

সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ছাড়া জামায়াতে প্রতিনিধি দলে ছিলেন– সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দীন সরকার ও শিশির মোহাম্মদ মনির।

Ad 300x250

সম্পর্কিত