বিএনপিকে ফ্যাসিবাদী বলে জ্ঞানের অভাবে: মির্জা ফখরুল

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
রংপুর

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ১৪: ০৯
রংপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, বিএনপিকে যারা ফ্যাসিবাদী বলেন, তাদের জ্ঞানের অভাব রয়েছে। তাদের মাইনসেটটাই সেভাবে তৈরি হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আর জামায়াতে ইসলামীর আমিরকে তাদের দলের গঠনতন্ত্র ভালোভাবে পড়তে বলি। উনারা গণতান্ত্রিক দল কিনা, সেটি উনারাই বিবেচনা করবেন।’

বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে প্রার্থীর মনোনয়ন দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে এই বছরের শেষে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন হবে।

মির্জা ফখরুল আরও বলেন, সরকার কৃষির উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকের ঋণের সুদ মওকুফ করেছে। কৃষিকে লাভজনক করার জন্য যতটুকু ব্যবস্থা নেওয়ার দরকার, সেটা নেওয়া হবে। কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিআরডিবির বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পল্লী মেলা উদ্বোধন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক রুহুল আমিন, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম প্রমুখ।

Ad 300x250

সম্পর্কিত