ad

ভিনিসিউস না ডিওমান্ডে, কোন পথে রিয়াল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৩: ৪৮
সংগৃহীত ছবি

রিয়াল মাদ্রিদের সামার ট্রান্সফার পরিকল্পনা নতুন মোড় নিয়েছে। আরবি লাইপজিগের ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান ডিওমান্ডেকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদ ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে অল-হোয়াইটদের জার্সিতে ভিনিসিউস জুনিয়রের ভবিষ্যৎ। ইংলিশ ক্লাব আর্সেনাল নাকি ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে দলে ভেড়াতে জোর চেষ্টা চালাচ্ছে।

রিয়ালে ভিনিসিউসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র এক বছর। গত প্রায় দেড় বছর ধরে নতুন চুক্তি নিয়ে আলোচনা হলেও এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুপক্ষ। বর্তমানে সপ্তাহে চার লাখ পাউন্ড বেতন পাওয়া এই ব্রাজিলিয়ান নতুন চুক্তিতে চার লাখ ৭০ হাজার পাউন্ড দাবি করেছেন বলে জানিয়েছে বিভিন্ন স্প্যানিশ গণমাধ্যম।

তবে ভিনিকে এই অঙ্কের অর্থ দিতে কিছুটা ইতস্তত করছে রিয়াল ম্যানেজমেন্ট। এ ছাড়া রিয়ালের ট্রান্সফার পরিকল্পনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ক্লাবটি ডিওমান্ডেকে দলে টানতে ১২০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে প্রস্তুত। একই সঙ্গে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকেও দলে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

এমন অবস্থায় ভিনিকে নিয়ে আর্সেনালের আগ্রহের খবর সামনে এসেছে। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ভিনিসিউসকে নিয়ে লন্ডনের ক্লাবটির আগ্রহ এখনও প্রাথমিক পর্যায়ে। স্প্যানিশ কয়েকটি গণমাধ্যমের দাবি, প্রয়োজন হলে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ ট্রান্সফার ফির প্রস্তাবও দিতে পারে গানার্সরা। ভিনির জন্য ১৬০ মিলিয়ন ইউরোর সম্ভাব্য ট্রান্সফার ফির গুঞ্জনও ছড়িয়েছে ট্রান্সফার মার্কেটে।

তবে ভিনিসিউসকে ঘিরে সব আলোচনাই যে ক্লাব ছাড়ার ইঙ্গিত, তা নয়। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, মাদ্রিদ ছাড়ার কোনো ইচ্ছা নেই এই ব্রাজিলিয়ানের, বরং আর্সেনালের আগ্রহের খবর নতুন চুক্তির আলোচনায় ভিনিসিউসের দর-কষাকষির অবস্থান শক্ত করছে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে ডিওমান্ডেকে নিয়ে রিয়ালের আগ্রহকে কেবল ভবিষ্যতের বিনিয়োগ হিসেবেও দেখছেন না অনেকে। ১৯ বছর বয়সী এই উইঙ্গারকে এত বড় অঙ্কে কিনে বেঞ্চে বসিয়ে রাখার সম্ভাবনা খুবই কম। ফলে তিনি এলে আক্রমণভাগে প্রতিযোগিতা আরও তীব্র হবে, যার প্রভাব পড়তে পারে ভিনিসিউসের নিয়মিত জায়গাতেও।

শেষ পর্যন্ত রিয়াল নতুন চুক্তিতে ভিনিসিউসকে ধরে রাখবে, নাকি ডিওমান্ডেকে ঘিরে আক্রমণভাগে নতুন সমীকরণ তৈরি করবে— সেটিই এখন ট্রান্সফার মার্কেটের বড় প্রশ্ন।

Ad 300x250

সম্পর্কিত