মক্কায় ড্রোন হামলার চেষ্টার নিন্দা ও প্রতিবাদ হেফাজতের
স্ট্রিম ডেস্ক

পবিত্র মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার অপচেষ্টায় নিন্দা, ক্ষোভ ও ধিক্কার প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো যৌথ প্রতিবাদ বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান এই নিন্দা জানান।
তারা বলেন, মক্কা ও মদীনা শরীফ বিশ্বের শতকোটি মুসলিমের ঈমানি কেন্দ্রবিন্দু, হৃদয়ের স্পন্দন ও আস্থার সর্বোচ্চ প্রতীক। মক্কা ও বায়তুল্লাহর পবিত্রতা ও নিরাপত্তা সকল মুসলমানের কাছে জীবনের চেয়েও দামি। হারামাইন শরীফাইনের সীমানাকে সামরিক সংঘাতের লক্ষ্যবস্তু বানানোর চেষ্টা ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে উসকানিমূলক এবং সহ্যসীমার লঙ্ঘন।
তারা আরও বলেন, রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিংবা সামরিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে ক্বাবাশরীফ ও মক্কা নগরীকে টানা জঘন্য অপরাধ। এটি মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
বিবৃতিতে বলা হয়, এ ধরনের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পবিত্র ভূমির মর্যাদা রক্ষা এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মুসলিম বিশ্বকে দ্রুত ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিবৃতিতে ওআইসি ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ী সংঘাতের স্থায়ী অবসানে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে। পাশাপাশি পবিত্র ভূমির নিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্র রুখতে কঠোর ব্যবস্থার দাবি জানান তারা।
মক্কা-মদীনার নিরাপত্তার স্বার্থে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন হেফাজত নেতারা। একইসঙ্গে সারাবিশ্বের মুসলমানকে সতর্ক ও সজাগ থাকার উদাত্ত আহ্বান জানান।
-40e58c.jpeg)




-d20038-256x144.webp)


