১৯ সেপ্টেম্বরের লংমার্চ হবে শান্তিপূর্ণ: গোলাম পরওয়ার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৩৮
প্রেস ব্রিফিংয়ে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। সংগৃহীত ছবি
প্রেস ব্রিফিংয়ে কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। সংগৃহীত ছবি

ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলীয় জোটের ১৯ সেপ্টেম্বরের লংমার্চ শান্তিপূর্ণ হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

গোলাম পরওয়ার বলেন, ‘কর্মসূচিতে কোনো ধরনের ভাঙচুর, বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতার চিন্তা নেই। আমাদের গোটা কর্মসূচিই হবে শান্তিপূর্ণ।’

তিনি জানান, সুষ্ঠু লংমার্চের লক্ষ্যে পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, ট্রাফিক ও গোয়েন্দা সংস্থাকে লিখিতভাবে জানানো হয়েছে। একইসঙ্গে যেসব জেলার ওপর দিয়ে গাড়িবহর যাবে, তার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কাছেও সহযোগিতা চাওয়া হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, ‘যারা দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও ১১ দলের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তাদের কাছে অনুরোধ—এই অপরিণামদর্শী চিন্তা থেকে ফিরে আসুন।’

লংমার্চের সূচি জানিয়ে তিনি বলেন, আগামী ১৯ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে উদ্বোধনী জনসভা এবং সকাল ৮টায় গাড়িবহর রংপুরের উদ্দেশে যাত্রা করবে। গাজীপুর-টঙ্গী হয়ে যাওয়ার পথে গাজীপুরের ভোগড়া ও টাঙ্গাইলের নগর জলফই মোড়ে দুটি পথসভা হবে। এরপর যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়, বগুড়া ও পলাশবাড়ী হয়ে বহরটি রংপুরে পৌঁছাবে। রাত ৮টায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী মহাসমাবেশ হবে।

দাবির বিষয়ে গোলাম পরওয়ার জানান, ১১ দলের ঘোষিত সাত দফার সঙ্গে উত্তরবঙ্গের কোটি মানুষের বাঁচা-মরার দাবি ‘তিস্তা নদী মহাপরিকল্পনা’ বাস্তবায়নের বিষয়টি যুক্ত হয়েছে। এর পাশাপাশি চাঁদাবাজি, দখলদারি ও দুর্নীতি থেকে দেশকে রক্ষার বিষয়টিও এই কর্মসূচিতে তুলে ধরা হবে।

এছাড়া বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং গণভোটের রায় উপেক্ষা করে সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েও শীর্ষ নেতাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত