
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় পুলিশ সদরদপ্তরের মসজিদে জুমার নামাজের সময় গাড়িবোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রদেশের কোহাত অঞ্চলে এ হামলায় আরও ৫০ জনের বেশি আহত হয়েছেন।
সংবাদ সংস্থা ডিপিএ-এর প্রতিবেদন অনুযায়ী, কোহাত শহরে পুলিশ সদরদপ্তরের ভেতরের মসজিদে জুমার নামাজে জড়ো হয়েছিলেন মুসল্লিরা । এমন সময় বিস্ফোরকভর্তি একটি গাড়ি মসজিদের প্রবেশপথেধাক্কা দেয় এবং বিস্ফোরণ ঘটে।
স্থানীয় চিকিৎসক তাহির শাহ জানান, হামলার পরপরই অন্তত ১৫ মরদেহ এবং ৫০ জনের বেশি আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে আনা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তাৎক্ষণিক কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে ওই অঞ্চলে জঙ্গিগোষ্ঠী আইএসআইএল-এর স্থানীয় শাখা এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বেশ সক্রিয়। এই সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিত ওই এলাকার নিরাপত্তা বাহিনীর ওপর এ ধরনের হামলা চালায়।
সাম্প্রতিক বছরগুলোতে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের এই অঞ্চলগুলোতে সহিংসতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিচ্ছে আফগানিস্তান। যদিও তালেবান সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
তথ্যসূত্র: আল-জাজিরা
.png)






