৬ দল নিয়ে নতুন টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত বিসিবির
স্পোর্টস ডেস্ক

ঘরোয়া ক্রিকেটে ছয়টি দল নিয়ে তিন ফরম্যাটের একটি টুর্নামেন্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণির চার দিনের ম্যাচ, লিস্ট ‘এ’ ওয়ানডে ও লিস্ট ‘এ’ টি-টোয়েন্টি- তিন ফরম্যাটেই খেলবে ফ্র্যাঞ্চাইজি দলগুলো।
পাশাপাশি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের ফিটনেস ও অনুশীলনের জন্য তিন লেনের অ্যাথলেটিক রানিং ট্র্যাক ও দুটি নতুন ড্রেসিংরুম তৈরি করা হবে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিসিবি পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয়।
ভার্চুয়াল সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ঘরোয়া ক্রিকেট কাঠামোয় পরিবর্তন আনতে তিন বছরের জন্য ছয়টি দলের স্বত্ব দেশের স্বনামধন্য কর্পোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হবে। আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে বোর্ডের।
রানিং ট্র্যাক ও ড্রেসিংরুম আধুনিকায়নের বিষয়ে বিসিবি জানায়, শেরে বাংলা স্টেডিয়ামসংলগ্ন ন্যাশনাল ক্রিকেট একাডেমির (এনসিএ) মাঠে ক্রিকেটারদের ফিটনেস ও রানিং সেশনের জন্য তিন লেনের অ্যাথলেটিক রানিং ট্র্যাক বসানো হবে।
এ ছাড়া স্টেডিয়ামের দুটি বিকল্প ড্রেসিংরুম, প্রবেশপথ ও লবি নতুন করে সাজানো হবে। ঘরোয়া ম্যাচ ও অনুশীলনের চাপ সামলাতে আরও দুটি ড্রেসিংরুম তৈরি করা হবে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কারেও উদ্যোগ নিয়েছে বিসিবি। দীর্ঘদিন অচল থাকা স্টেডিয়ামটির স্থাপত্য, প্রকৌশল ও উন্নয়ন প্রকল্প তদারকির জন্য বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে বোর্ড।
ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফিও পুনর্নির্ধারণ করেছে বিসিবি। পুরুষ ক্রিকেটারদের চার দিনের ম্যাচে ১ লাখ ৫০ হাজার, ওয়ানডেতে ১ লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে। এনসিএলের দ্বিতীয় একাদশের ম্যাচে ম্যাচ ফি হবে ১৫ হাজার টাকা।
নারী ক্রিকেটারদের তিন দিনের ম্যাচে ৪০ হাজার, ওয়ানডেতে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দৈনিক ভাতা ১০ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
.png)
-3f0d26.jpeg)





