আশুলিয়ায় একটি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে, আহত ১০

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
সাভার (ঢাকা)

আশুলিয়ার জামগড়ার একটি তৈরি পোশাক কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ড। স্ট্রিম গ্রাফিক্স
আশুলিয়ার জামগড়ার একটি তৈরি পোশাক কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ড। স্ট্রিম গ্রাফিক্স

ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামগড়া চৌরাস্তা এলাকার প্রীতি গ্রুপের একটি কারখানায় এই ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।

কারখানার সীমানা দেয়ালের ভেতর বিশেষভাবে তৈরি লরিতে থাকা গ্যাস সিলিন্ডার এই অগ্নিকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণের আসার কথা জানিয়ে জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। আপাত ক্ষয়ক্ষতি তথ্য কিছু বলা যাচ্ছে না।’

ঘটনার স্থানীয় প্রত্যক্ষদর্শী রনি জানান, বিস্ফোরণ ও আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি দুজন দগ্ধ ও গুরুতর আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এছাড়া পাশের রাস্তায় থাকা রিকশাচালকসহ অন্তত ৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণে বয়লার বা পাইপের লোহার খণ্ড উড়ে গিয়ে পাশের বাড়িঘর ও রাস্তায় পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, ৬টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। তবে পাইপাইল সড়কে অনেক যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।

নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, হাসপাতালে এ পর্যন্ত ৪ থেকে ৫ জন দগ্ধ বা আহত রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২ জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের সারা শরীর দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।

প্রীতি গ্রুপের এফঅ্যান্ডএফ কারখানার অ্যাডমিন-ম্যানেজার হেমায়েত উদ্দিন জানান, কারখানার সীমানা ঘেরা প্রাচীরের কোনায় সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটে। তবে কারখানার ভেতর কোনো শ্রমিক আটকে নেই।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। বিস্ফোরণটি বয়লার, নাকি সিলিন্ডার থেকে হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রচণ্ড আগুনের কারণে উদ্ধারকর্মীরা তাৎক্ষণিকভাবে পুরোপুরি ভেতরে প্রবেশ করতে পারছেন না। হতাহতের সঠিক সংখ্যা পর্যবেক্ষণ শেষে পরবর্তীতে জানানো হবে বলে তিনি জানান।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত