ad

বিসিবি-বিসিসিআই সম্পর্কের বরফ গলছে, সেপ্টেম্বরে আসছে ভারত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ২০: ২২
আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত ক্রিকেট দল। সংগৃহীত ছবি

সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন কাটিয়ে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত ক্রিকেট দল।

ভারতীয় গণমাধ্যম ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) আগামী সেপ্টেম্বরের প্রথমার্ধে সীমিত ওভারের সিরিজের সূচি তৈরিতে কাজ করছে।

সম্প্রতি লন্ডনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সভার সাইডলাইনে দুই দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

এর আগে গত মে মাসে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছিলেন, মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে তৈরি হওয়া দ্বন্দ্ব পেছনে ফেলে বিসিবির সঙ্গে পুনরায় সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী বিসিসিআই।

গত জানুয়ারিতে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয় আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এরপর নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। ওই সময় ভারতের মাটিতে দ্বিপক্ষীয় সিরিজের প্রস্তাবও নাকচ করে দিয়েছিল বাংলাদেশ। তবে সাম্প্রতিক সময়ে দুই বোর্ডের শীর্ষ কর্তাদের আলোচনায় এই বরফ গলতে শুরু করেছে।

ভারতের টেস্ট দল আগামী ২৭ আগস্ট শ্রীলঙ্কা সফর শেষ করবে। এরপর আগামী ১৩ সেপ্টেম্বরে ভারত-আফগানিস্তান ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বিসিসিআই। এর ফলে যে দুই সপ্তাহের সময় পাওয়া যাবে, তা বাংলাদেশ সফরের জন্য ব্যবহার করা হবে। তবে পুরো সফরের বিষয়টি চূড়ান্তভাবে ভারত সরকারের সবুজ সংকেতের ওপর নির্ভর করছে।

বিসিবি এই সফরের জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের সব ভেন্যু ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিসিবি ঢাকা ও চট্টগ্রামে আলাদা ভেন্যুতে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে আগ্রহী।

বিসিসিআইয়ের সূত্র মতে, একটিমাত্র ভেন্যুতে সব ম্যাচ আয়োজন করা অথবা কেবল এক ফরম্যাটে সিরিজ খেলার বিকল্প প্রস্তাবও রাখা হয়েছে। দুই দেশের সরকার থেকে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা অনুমোদন পাওয়ার পরেই সিরিজের সূচি ঘোষণা করা হবে।

Ad 300x250

সম্পর্কিত