ad

পাঁচ ওভারে শূন্য রানে ৫ উইকেট, উইন্ডিজ পেসার গ্রিভসের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। ছবি: সংগৃহীত

ত্রিনিদাদ টেস্টে পাকিস্তানের ইনিংস ধসিয়ে বিরল কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। ৫ ওভারের স্পেলে কোনো রান না দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। টেস্ট ক্রিকেটের প্রায় ১৫০ বছরের ইতিহাসে এমন বোলিং নজিরবিহীন।

৩২ বছর বয়সি বার্বাডিয়ান অলরাউন্ডার গ্রিভসের এটি ছিল ক্যারিয়ারের ১৭তম টেস্ট। দিনের শুরুটা অবশ্য ভালো যায়নি তাঁর। প্রথম ৬ ওভারে ২৭ রান দিয়ে কোনো উইকেট পাননি। পরে অধিনায়ক রোস্টন চেজ তাঁকে আবার আক্রমণে আনলে বদলে যায় ম্যাচের চিত্র।

পাকিস্তানের স্কোর তখন ৪ উইকেটে ২৪৪। ৬৪তম ওভারে বোলিংয়ে এসে প্রথমেই ১০৯ রান করা শান মাসুদকে ইনসাইড এজে বোল্ড করেন গ্রিভস। পরের ওভারে আমের জামালের মিডল স্ট্যাম্প উপড়ে ফেলেন। নিজের তৃতীয় মেডেন ওভারে আলী উসমানকে এলবিডব্লিউ করেন তিনি। এরপর টানা দুই ওভারে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান ও মোহাম্মদ আব্বাসকে ক্যাচ দিতে বাধ্য করেন।

গ্রিভসের দুর্দান্ত বোলিংয়ে শেষ ৭ উইকেটে মাত্র ৩৮ রান তুলতে পারে পাকিস্তান। প্রথম ইনিংস থামে ২৮২ রানে। প্রথম ইনিংসে ৩১১ রান করা ওয়েস্ট ইন্ডিজ পায় ২৯ রানের লিড।

২৭ রানে ৫ উইকেট পাওয়া ইনিংসটি জাস্টিন গ্রিভসের সেরা বোলিং ফিগার। এটি তাঁর টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটও।

ম্যাচ শেষে গ্রিভস বলেন, বল কিছুটা সুইং করছিল। আমি সেটারই সুবিধা পেয়েছি। দল কঠিন পরিস্থিতিতে থাকলে সেখান থেকে বের করে আনার চেষ্টা করি। ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট পাওয়া অবশ্যই দারুণ অনুভূতি।

লিড পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে অবশ্য সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৯৩ রানেই ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। পরে অষ্টম উইকেটে কেমার রোচ ও শামার জোসেফের ৩৩ রানের জুটিতে দিন শেষ করে তারা। তৃতীয় দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ১২৬ রান। লিড ১৫৫ রানের।

পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ আব্বাস ১৪ রানে ৩টি এবং খুররম শাহজাদ ২টি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

ওয়েস্ট ইন্ডিজ: ৩১১ (হোপ ৯২; আলী ৪/৫০) ও ১২৬/৭ (চন্দরপল ৩৫, শামার জোসেফ ২২*; আব্বাস ৩/১৪)

পাকিস্তান: ২৮২ (শান মাসুদ ১০৯; গ্রিভস ৫/২৭)

ওয়েস্ট ইন্ডিজ ১৫৫ রানে এগিয়ে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত