পণ্য ছাড়াই সাড়ে ৫ কোটি টাকার পোশাক রপ্তানি দেখিয়ে জালিয়াতি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৪
সিআইআইডি। ছবি: সংগৃহীত
সিআইআইডি। ছবি: সংগৃহীত

অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে (আইসিডি) পণ্য প্রবেশ করেনি। অথচ অ্যাসাইকুডা ওয়ার্ল্ডে প্রায় সাড়ে ৫ কোটি টাকার তৈরি পোশাক রপ্তানি দেখিয়ে কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে এই জালিয়াতি ধরা পড়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিআইআইডি জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর অ্যাসাইকুডা ওয়ার্ল্ডে রপ্তানি চালান যাচাইকালে ‘ভ্যালমন্ট ফ্যাশনস লিমিটেড’ নামের একটি বন্ডেড প্রতিষ্ঠানের পাঁচটি চালান কর্মকর্তাদের নজরে আসে। প্রাথমিক বিশ্লেষণে চালানগুলোর রপ্তানি গন্তব্য, পণ্যের প্রকৃতি ও ঘোষিত মোট ওজনে অস্বাভাবিকতা দেখা যায়। এরপর চালানগুলো আটকে অধিক তদন্ত শুরু করা হয়।

দাখিলকৃত বিল অব এক্সপোর্ট অনুযায়ী, পণ্যগুলো বেসরকারি আইসিডি ইসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে রপ্তানি হওয়ার কথা ছিল। কাস্টমস গোয়েন্দার একটি টিম সংশ্লিষ্ট ডিপোতে উপস্থিত হয়ে পণ্যগুলো কায়িক পরীক্ষার জন্য উপস্থাপনের নির্দেশ দেয়। কিন্তু ডিপো কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মকর্তাদের সামনে কোনো পণ্য প্রদর্শন করতে পারেনি। উল্টো তারা জানান, রপ্তানির জন্য ঘোষিত পণ্যগুলো ডিপোতে প্রবেশ করেনি। পণ্য ডিপোতে না আসা সত্ত্বেও কীভাবে কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো, সে বিষয়ে ডিপো কর্তৃপক্ষ বা সিঅ্যান্ডএফ এজেন্ট কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

সিআইআইডি জানিয়েছে, আটককৃত পাঁচটি চালানে মোট ঘোষিত ওজন ছিল ১ লাখ ২১ হাজার ১৭৫ কেজি, যার মোট রপ্তানিমূল্য দেখানো হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৩০৪ ডলার (প্রায় ৫ কোটি ৪৩ লাখ টাকা)।

পণ্য ছাড়াই কাস্টমস আনুষ্ঠানিকতা কারা সম্পন্ন করল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিআইআইডি। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রযোজ্য কাস্টমস ও প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত