ঋণখেলাপি ও দণ্ডপ্রাপ্তরা পাবেন না সেরা করদাতার সম্মাননা, নতুন নীতিমালা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০: ০৪
ঋণখেলাপি ও দণ্ডপ্রাপ্তরা পাবেন না সেরা করদাতার সম্মাননা, নতুন নীতিমালা
ঋণখেলাপি ও দণ্ডপ্রাপ্তরা পাবেন না সেরা করদাতার সম্মাননা, নতুন নীতিমালা

ঋণখেলাপি হলে কিংবা অর্থঋণ আদালত বা কোনো ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে (দণ্ডভোগের ৫ বছর পার না হওয়া পর্যন্ত) কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সেরা করদাতার সম্মাননা পাবেন না। একইভাবে কর ফাঁকির অভিযোগ বা মামলা এবং সরকারের রাজস্ব বকেয়া থাকলেও এ সম্মাননার তালিকায় বিবেচিত হবেন না।

সোমবার (৭ সেপ্টেম্বর) ‘সেরা করদাতা সম্মাননা প্রদান নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। নতুন এ নীতিমালায় জাতীয় পর্যায়ে করদাতাদের উৎসাহিত ও সম্মানিত করতে এসব শর্ত যুক্ত করা হয়েছে।

এই নীতিমালার ফলে ‘জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত)’ এবং জেলাভিত্তিক পুরস্কার সংক্রান্ত ২০০৮ সালের নীতিমালাটি বাতিল করা হলো। নতুন নীতিমালা অনুযায়ী, প্রতিবছর জাতীয় পর্যায়ে ব্যক্তি ও কোম্পানি ক্যাটাগরিতে সর্বোচ্চ আয়কর প্রদানকারী মোট ৭২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘সেরা করদাতা সম্মাননা’ প্রদান করা হবে।

মোট ৭২টি সম্মাননার মধ্যে ব্যক্তি করদাতাদের দেওয়া হবে ৩৩টি এবং কোম্পানি করদাতাদের ৩৯টি। ব্যক্তি ক্যাটাগরির ৩৩টির মধ্যে ‘বিশেষ শ্রেণি’তে রয়েছে ২৪টি এবং ‘পেশাজীবী শ্রেণি’তে ৯টি সম্মাননা।

বিশেষ শ্রেণির ২৪টি সম্মাননার মধ্যে সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি ১৫ জন, সিনিয়র সিটিজেন ২ জন (১ নারী, ১ পুরুষ), গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ১ জন, প্রতিবন্ধী ১ জন এবং নারী করদাতা ৫ জন। পেশাজীবী শ্রেণির ৯টি সম্মাননা পাবেন—বেতনভোগী, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/সিএমএ, খেলোয়াড় ও শিল্পী (প্রত্যেক ক্ষেত্রে ১ জন করে)।

কোম্পানি পর্যায়ে মোট ৩৯টি সম্মাননার মধ্যে সর্বোচ্চ কর প্রদানকারী কোম্পানি ক্যাটাগরিতে ১৫টি এবং খাতভিত্তিক ক্যাটাগরিতে ২৪টি সম্মাননা দেওয়া হবে। খাতভিত্তিক ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে—ব্যাংকিং, নন-ব্যাংকিং আর্থিক, বিমা (লাইফ ও নন-লাইফ), চিকিৎসাসেবা, তৈরি পোশাক, চামড়া শিল্প, জ্বালানি, খাদ্য ও কৃষি, ওষুধ-রসায়ন, রিয়েল এস্টেট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ মোট ২৪টি খাত।

নীতিমালা অনুযায়ী, সম্মাননা পাওয়ার জন্য করদাতাকে সংশ্লিষ্ট কর বৎসরসহ আগের দুই বছর নিয়মিত আয়কর প্রদানকারী হতে হবে। কোনো করদাতা একাধিক ক্যাটাগরিতে যোগ্য বিবেচিত হলেও কেবল একটিতে সম্মাননা পাবেন।

নীতিমালা অনুযায়ী, প্রাথমিক বাছাই কমিটি ও বাছাই কমিটির মাধ্যমে কর অঞ্চলগুলো থেকে তথ্য নিয়ে যাচাই-বাছাই করা হবে। চূড়ান্তভাবে করদাতা নির্বাচনের দায়িত্বে থাকবে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি ‘চূড়ান্ত নির্বাচন কমিটি’। প্রতি অর্থবছরের ৮ থেকে ২৫ নভেম্বরের মধ্যে এই কমিটি চূড়ান্ত তালিকা তৈরি করবে।

সেরা করদাতা হিসেবে নির্বাচিতদের সম্মাননা সনদ, ক্রেস্ট ও করদাতা কার্ড দেওয়া হবে। গেজেট প্রকাশের পর থেকে ১২ মাস এই কার্ডের মেয়াদ বহাল থাকবে। ব্যক্তি করদাতা নিজে এবং কোম্পানির ক্ষেত্রে মনোনীত ২ জন ব্যক্তি এই কার্ডের সুবিধা পাবেন। কার্ডধারী সেরা করদাতারা বিমানবন্দর, রেলস্টেশন এবং লঞ্চ টার্মিনালের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা পাবেন।

সরকারি হাসপাতালের কেবিন প্রাপ্তিতে করদাতার নিজের, স্বামী/স্ত্রী ও নির্ভরশীল পুত্র-কন্যার চিকিৎসার ক্ষেত্রে অগ্রাধিকার, সার্কিট হাউস ও তারকা হোটেলসহ আবাসিক হোটেলে কক্ষ বুকিংয়ে অগ্রাধিকার, পাসপোর্ট অফিস এবং বিআরটিএ থেকে সেবা প্রাপ্তিতে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া জাতীয় পর্যায়ের ও বাংলাদেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রীড়া প্রদর্শনীর টিকিট প্রাপ্তিতে অগ্রাধিকার, সংশ্লিষ্ট জেলা প্রশাসন, সিটি করপোরেশন বা পৌরসভার বিভিন্ন জাতীয় অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত