বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন/টাকায় আমদানি-রপ্তানি নিষ্পত্তির সুযোগ বাড়ল ব্যাংকগুলোর
স্ট্রিম প্রতিবেদকঢাকা

টাকায় আন্তসীমান্ত বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তির সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশের অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কোনো প্রাথমিক জমা ছাড়াই টাকায় (ভস্ট্রো) সংশ্লিষ্ট দেশের অংশীদার ব্যাংকের নামে হিসাব খুলতে ও পরিচালনা করতে পারবে। এসব হিসাবে আমদানির বিপরীতে পাওয়া অর্থ জমা হবে এবং তা দিয়ে রপ্তানি মূল্য পরিশোধসহ নির্ধারিত অন্যান্য লেনদেন করা যাবে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ থেকে বুধবার (২৩ সেপ্টেম্বর) জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, বাণিজ্য অংশীদার দেশের সংশ্লিষ্ট ব্যাংকের নামে টাকায় ভস্ট্রো হিসাব খোলার জন্য শুরুতেই অবাধে রূপান্তরযোগ্য বৈদেশিক মুদ্রায় অর্থ জমা দেওয়ার প্রয়োজন পড়বে না। আমদানির বিপরীতে প্রাপ্য অর্থ এসব হিসাবে জমা রাখা যাবে এবং ওই অর্থ পরবর্তী সময়ে রপ্তানি ও অন্যান্য অনুমোদিত লেনদেনে ব্যবহার করা যাবে।
নতুন ব্যবস্থায় আমদানি-রপ্তানি চুক্তি, ঋণপত্র ও চালান অবাধে রূপান্তরযোগ্য বা অনুমোদিত মুদ্রায় করতে হবে। তবে চালানে ব্যবহৃত মুদ্রা প্রচলিত বিনিময় হারে টাকায় রূপান্তর করতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংকগুলোর মধ্যে নিরাপদ ও কার্যকরভাবে বাণিজ্যিক নথি আদান-প্রদান নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে।
আমদানিকারকের কাছ থেকে পাওয়া অর্থ সংশ্লিষ্ট ভস্ট্রো হিসাবে জমা করা যাবে। আর এ অর্থ দিয়ে রপ্তানিকারকের পাওনা পরিশোধ করা যাবে। রপ্তানিকারক ও আমদানিকারকের ব্যাংক আলাদা হলেও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে অর্থ নিষ্পত্তির সুযোগ থাকবে। নির্ধারিত বিধি মেনে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে অগ্রিম অর্থ পরিশোধের ব্যবস্থাও রাখা হয়েছে।
.png)





