সবজির দাম কমলেও মাছ-মাংস-ডিমে হাঁসফাঁস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৮: ২০
মাছ কিনতে শুক্র-শনিবারে ভিড় বাড়ে কারওয়ান বাজারে। স্ট্রিম ছবি

টানা বৃষ্টিতে খেত নষ্ট হওয়ায় শাক-সবজির দামে লেগেছিল আগুন। কয়েক দিন আগেও অধিকাংশ সবজির দাম ছিল শতকের আশেপাশে। শুক্রবার (৭ আগস্ট) সেই দাম কিছু কমেছে। তবে ওই সময় মাছ, মাংস ও ডিমের দামে যে ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়, তা কমেনি।

সরেজমিনে কারবাজারে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় বেশির ভাগ সবজির কেজিতে কমেছে ২০-৪০ টাকা। আজ বেগুন ও ঝিঙার কেজি ১০০, করলা ও বরবটি ৮০, ধন্দুল ও পটল ৬০, চিচিঙ্গা, ঢ্যাঁড়স ও শসা ৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এ ছাড়া টমেটো ১৬০, গাজর ১০০ ও পেঁপের কেজি ছিল ৪০ টাকা।

মগবাজার থেকে মাসের বাজার করতে আসা ইঞ্জিনিয়ার আলভী নিদান স্ট্রিমকে বলেন, আগের তুলনায় সবজির দাম কিছুটা কম। তবে খুব বেশি কমেনি। আগে যেই সবজির কেজি ১০০ ছিল এখন ৮০-৭০ টাকা হয়েছে।

এই বাজারে এক যুগের সবজি বিক্রেতা মোহাম্মদ শরীফের দাবি অবশ্য, দাম অনেক কমেছে। তিনি বলেন, গত সপ্তাহে ৮০ টাকার নিচে সবজিই ছিল না। এখন সব ৪০-৮০ টাকায় নেমেছে। মরিচের কেজি তো ৪০০ টাকায় উঠছিল। আজ সেই মরিচই ১৬০ টাকায় বিক্রি হয়েছে।

পাঙাস-তেলাপিয়া ছাড়া ৩০০ টাকার নিচে নেই মাছ

সবজির দাম চড়ায় বেড়েছিল মাছের চাহিদা। এই সুযোগে দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। এখনও ৩০০ টাকা কেজির নিচে মাছ নেই বললেই চলে। অধিকাংশ মাছে বেড়েছে ২০-৩০ টাকা।

তিন’শ টাকার নিচে রয়েছে শুধু পাঙাশ (২৩০), তেলাপিয়া (২৬০) ও মৃগেলের (২৫০-৩০০) কেজি। এর বাইরে পাবদা ৩৫০-৪০০, বড় রুই ৪৫০-৫০০, ভেটকি ৪০০-৫৫০, চাষের কই ৩০০ ও শিং ৩০০-৪৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। মাঝারি আকারের রুই ছিল ৩০০ থেকে ৩৫০ টাকা।

এ ছাড়া মানভেদে চিংড়ির কেজি ৮০০-৯০০, ট্যাংরা ৭০০, বাইম ৬০০-৮০০ এবং শোল বিক্রি হয় ৭০০ টাকায়। রূপচাঁদা ও নদীর বেলে কিনতে গেলে গুণতে হয়েছে হাজার টাকার বেশি।

রাজধানীর ইস্কাটনের বাসিন্দা ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মান্নান বলেন, প্রতিদিনই যেন দাম বাড়ছে। আমরা যারা তুলনামূলক ভালো চাকরি করি তারাই হাঁপিয়ে উঠছি। সাধারণ মানুষের অবস্থা কী, সেটা সহজেই অনুমেয়।

ইস্কাটনের আরেক বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, সব মাছের কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। ফার্মগেটের বাসিন্দা সঞ্জয় বিশ্বাস বলেন, মাছের দাম অনেক বেশি। ৩০০ টাকার কেজির নিচে মাছই নেই।

অবশ্য ব্যবসায়ীদের দাবি সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দাম বাড়তি। মাছ ব্যবসায়ী আব্দুল আলীম স্ট্রিমকে বলেন, আজ বন্ধের বাজার। মাছ কেন, শুক্র-শনিবারে সব জিনিসের দামই একটু বেশি থাকে। রোব থেকে বৃহস্পতিবার দাম আবার কম থাকবে।

ব্রয়লারের সঙ্গে বেড়েছে ডিমেরও দাম

স্বল্প আয়ের মানুষের আমিষের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখা ব্রয়লার মুরগি ও ডিমের দাম দুটোই বেড়েছে। ডিমের হালি তো অনেক দিন পর ৫০ টাকা ছাড়িয়েছে। কারওয়ান বাজারেই হালি বিক্রি হয় ৫৫ টাকা। এ ছাড়া ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

গরুর মাংস বিক্রি হচ্ছে আগের মতোই ৮০০ টাকায়। আর সোনালি মুরগি ৩২০-৩৪০, হাইব্রিড জাতের সোনালি ২৯০-৩০০ এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। খাসির দামও স্থির রয়েছে, কেজি বিক্রি হচ্ছে এগার’শ থেকে বারো’শ টাকায়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত