ইউক্রেনে হামলা রাশিয়ার, অল্পের জন্য রক্ষা বরিস জনসন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫১
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সংগৃহীত ছবি
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সংগৃহীত ছবি

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ শীর্ষ ইউরোপীয় কর্মকর্তাদের বহনকারী অন্য একটি ট্রেন স্টেশন ত্যাগ করার কিছুক্ষণ পরই এই হামলা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) ইয়াহোদিন রেলস্টেশনে এই হামলায় কোনো হতাহত হয়নি বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ।

কিয়েভে বার্ষিক ‘ইয়াল্টা ইউরোপিয়ান স্ট্র্যাটেজি’ সম্মেলনে অংশ নিয়েছিলেন বরিস জনসন ও সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্টসহ ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। সম্মেলন শেষে অন্য একটি ট্রেনে একই রেললাইন দিয়ে ফেরার কিছুক্ষণ পরই এই আক্রমণ ঘটে। হামলার সময় ইয়াহোদিন স্টেশনে থাকা আরেকটি ট্রেনে অবস্থান করছিলেন সাবেক সিআইএ প্রধান ডেভিড পেট্রাউস।

এক্সে বরিস জনসন লিখেছেন, ‘এই হামলা চালানোর পেছনে পুতিনের কী বিকৃত যুক্তি ছিল তা জানা নেই।’ তিনি একে বেসামরিক রেলওয়ের ওপর নির্বিচার আক্রমণ আখ্যা দিয়ে পশ্চিমা মিত্রদের অবিলম্বে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা এই হামলাকে সরাসরি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর দরজায় কড়া নাড়ার শামিল বলে মন্তব্য করেন।

উদ্ভূত পরিস্থিতিতে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জরুরি বৈঠক ডেকে বলেন, ‘রাশিয়ার দিক থেকে সংঘাতের বিস্তার এখন বাস্তব রূপ নিচ্ছে এবং তারা ক্রমশ আমাদের সীমান্তের কাছাকাছি চলে আসছে।’

তবে রাশিয়া দাবি করেছে, তারা পশ্চিম ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো লক্ষ্য করেই এই আক্রমণ চালিয়েছে।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর বিমান চলাচল বন্ধ থাকায় ইউক্রেনের সাধারণ মানুষের প্রধান ভরসা ট্রেন নেটওয়ার্ক। সাম্প্রতিক সময়ে রাশিয়া নিয়মিত ট্রেন, ডিপো এবং সীমান্ত পারাপারের ওপর হামলা বাড়িয়েছে। চলতি সপ্তাহে ইউক্রেন-মলদোভা সীমান্তে ড্রোন হামলায় ২ এবং দক্ষিণ ইউক্রেনে ট্রেনে হামলায় ১ নারী পরিদর্শক নিহত হন। সেপ্টেম্বরের শুরুতে কিয়েভে রেলওয়ে ডিপোতে হামলায় ৬ এবং জানুয়ারিতে খারকিভে ট্রেনে হামলায় ৫ জন নিহত হয়েছিলেন।

তথ্যসূত্র: বিবিসি

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত