রিজার্ভ চুরি মামলায় ৯৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন দাখিল

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ৫৪
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় মতিঝিল থানায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবারও পিছিয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আগামী ১৯ অক্টোবর দিন ধার্য করেছেন।

এ নিয়ে ৯৮ বার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন পেছাল।

সোমবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তের দায়িত্বপ্রাপ্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য নতুন দিন ধার্য করেন আদালত।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে সাইবার হামলার মাধ্যমে ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। তদন্তসংশ্লিষ্টদের ধারণা, দেশের ভেতরের একটি চক্রের সহায়তায় ওই অর্থ পাচার করা হয়েছিল।

ঘটনার পর সেই বছরের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের তৎকালীন উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন। পরদিন ১৬ মার্চ আদালত মামলাটির তদন্তের দায়িত্ব সিআইডিকে দেন। তখন থেকেই সংস্থাটি মামলাটির তদন্ত করছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত