এসএসসি

দেড় যুগ পরে সর্বনিম্ন পাস, জিপিএ-৫ নেমেছে অর্ধেকে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

বোর্ডে টাঙানো ফলাফল দেখছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় এবার ৬২.২৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা গত ১৯ বছর পরে সর্বনিম্ন। সোমবার (১০ আগস্ট) সকালে শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ পরীক্ষার্থী।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০০৭ সালে পাসের হার ছিল ৫৭.৩৭ শতাংশ। এরপর গত ১৯ বছর পাসের হার ছিল ঊর্ধ্বমুখী। তবে গত কয়েক বছর ধরে কমছে জিপিএ–৫, যা এবারো দেখা গেছে।

২০২২ সালে সর্বোচ্চ ২ লাখ ৬৯ হাজার ৬০২ পরীক্ষার্থী জিপিএ–৫ পেয়েছিল। এরপর ২০২৩ সালে কমে দাঁড়ায় ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জনে, ২০২৪ সালে ১ লাখ ৮২ হাজার ১২৯ এবং ২০২৫ সালে তা ১ লাখ ৩৯ হাজার ৩২ জনে নেমে আসে। এবার আরও কমে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জনে। অর্থাৎ চার বছর ব্যবধানে জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী অর্ধেকের বেশি কমে গেছে।

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) তথ্যমতে, ১৯৯০ সালে পাসের হার ছিল ৩১.৭৩ শতাংশ। ১৯৯১ সালে পাসের হার এক লাফে ৬৪.৯৫ শতাংশ হলেও, ১৯৯৬ সালে তা আবার কমে ৪২.১ শতাংশে আসে।

২০০১ সালে মাধ্যমিক স্তরে প্রথমবারের মতো গ্রেডিং পদ্ধতি (জিপিএ) প্রবর্তন করা হয়। ওই বছর এসএসসিতে পাসের হার ছিল ৩৫.২২ শতাংশ। তবে ২০০৮ সাল থেকে পাসের হার ৭০ শতাংশের ঘর অতিক্রম করে। ওই বছর পাসের হার ছিল ৭০.৮১ শতাংশ।

এরপর ক্রমান্বয়ে বাড়তে বাড়তে ২০২১ সালে পাসের হার রেকর্ড ৯৩.৫৮ শতাংশে পৌঁছে। কিন্তু এরপর থেকে আবার ফলাফল নিম্নমুখী হচ্ছে। ২০২২ সালে ৮৭.৪৪, ২০২৩ সালে ৮০.৩৯ এবং ২০২৪ সালে ৮৩.০৪ শতাংশ শিক্ষার্থী পাস করে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ১৮ মাস দেশ পরিচালনা করে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি নিরঙ্কুশ বিজয় নিয়ে সরকার গঠন করে বিএনপি।

অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে পরীক্ষার মূল্যায়নে ছাড় দিয়ে বেশি পাস করানো হতো। তবে অন্তর্বর্তী সরকারের পর বর্তমান বিএনপি সরকার সেই চর্চা থেকে বের হয়ে আসার কথা বলছে। ফলে ২০২৫ সালে এসএসসিতে পাসের হার কমে ৬৮.৪৫ শতাংশে দাঁড়ায়। আর এবার তা আরও কমে ৬২.২৫ শতাংশে ঠেকল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত