বাংলা নববর্ষ নিছক আনুষ্ঠানিকতা নয়; গভীর এক সামাজিক চেতনা এবং ঐতিহাসিক উত্তরাধিকারের ধারক, বাঙালির আত্মপরিচয়ের যথাযথ প্রকাশ। প্রতি বছর পয়লা বৈশাখ আমাদের মনে করিয়ে দেয় আমাদের শিকড়, আর কোথায় আমাদের মিলনস্থল।
এই উৎসবের সবচেয়ে বড় দিক লুকিয়ে আছে মানবিকতার মধ্যে। এখানে কোনো নির্দিষ্ট পরিচয় নয়, বিভিন্ন ধর্ম, বর্ণ, পেশা ও শ্রেণির মানুষ একই পথে হাঁটে, একই আনন্দে শামিল হয়। বৈশাখী শোভাযাত্রার রঙিন আবহ, গ্রামীণ মেলার সরলতা, কিংবা শহরের আয়োজন—সবখানেই প্রতিধ্বনিত হয় আমাদের পরিচয়—আমরা এক, আমরা বাঙালি।
ঐতিহাসিকভাবে বাংলা নববর্ষের উৎপত্তি কোনো ধর্মীয় আচার থেকে নয়, বরং কৃষিনির্ভর সমাজের বাস্তব প্রয়োজন থেকে। ঋতুচক্রের পরিবর্তন, ফসল ঘরে তোলা, নতুন অর্থবছরের সূচনা; এসবের সঙ্গে মানুষের জীবনযাত্রা ও অর্থনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই প্রেক্ষাপট থেকেই হালখাতা, নতুন হিসাবের সূচনা এবং সামাজিক বিনিময়ের নানা রীতি গড়ে ওঠে। মূলত জীবিকা, সমাজ ও সময়চক্রের একটি স্বাভাবিক ধারাবাহিকতা—ধর্মীয় অনুশাসনের বিষয় নয়।
এখানেই ‘ধর্ম’ ও ‘সংস্কৃতি’ বিতর্কের অসারতা স্পষ্ট হয়ে ওঠে। ধর্ম মানুষের বিশ্বাস ও আধ্যাত্মিকতার ক্ষেত্র; আর সংস্কৃতি মানুষের জীবনযাপন, অভ্যাস ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ। এই দুইয়ের মধ্যে সংঘাত নয়, সহাবস্থানই স্বাভাবিক। কিন্তু যখন কেউ এই উৎসবকে কোনো নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ের মধ্যে আবদ্ধ করতে চায়, তখন তা কেবল ভুল ব্যাখ্যাই নয়, বরং একটি বহুমাত্রিক ঐতিহ্যকে সংকুচিত করার অপচেষ্টা।
বাংলা নববর্ষের মূল দর্শন বরাবরই মিলনের। গ্রামবাংলার হালখাতা থেকে নগরের শোভাযাত্রা—সময় বদলেছে, রূপ বদলেছে; তবুও এর অন্তর্নিহিত চেতনা অটুট রয়েছে। এখানে সবাই একসঙ্গে মিলিত হয় জীবনের উৎসবে, একই ছন্দে, একই আনন্দে। বৈশাখী উৎসব আমাদের মনে করিয়ে দেয়, রাজনৈতিক বা সামাজিক নানা বিভাজনের মধ্যেও এমন এক পরিসর আছে, যেখানে সব ভেদরেখা মুছে যায়, আর আমরা এই পরিচয়ে একত্রিত হই যে, আমরা বাঙালি।
তবে করপোরেট বাণিজ্যিকীকরণ, রাজনৈতিক প্রভাব, বিশেষ করে ধর্মীয় সংকীর্ণতার অনুপ্রবেশ অনেককে ভাবিয়ে তুলছে। বাণিজ্যিক অংশগ্রহণ স্বাভাবিক হলেও, যখন তা লোকজ ঐতিহ্য ও মানুষের আন্তরিক অংশগ্রহণকে ছাপিয়ে যায়, তখন উৎসবটি ধীরে ধীরে বাজারকেন্দ্রিক হয়ে পড়ে। একইভাবে, রাজনৈতিক ব্যবহার বা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি এর সর্বজনীনতাকে ক্ষুণ্ন করে এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রভাব ফেলে।
সমাজের একটি অংশে বৈশাখবিরোধী মনোভাব ক্রমেই দৃশ্যমান হয়ে উঠছে। এটি কেবল একটি উৎসবকে ঘিরে মতভেদ নয়; বরং জাতির আত্মপরিচয় নিয়ে গভীর সংশয়ের ইঙ্গিত। সাংস্কৃতিক ভিত্তি দুর্বল হয়ে পড়লে সমাজে বিভক্তি বাড়ে।
পয়লা বৈশাখ আমাদের সামষ্টিক পরিচয়, আমাদের ঐতিহ্য ও মূল্যবোধকে নতুনভাবে উপলব্ধি করতে শেখায় আর আহ্বান জানায় পুরোনো গ্লানি, দুঃখ ও সংকীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনায় পথচলা শুরু করতে। নববর্ষ সমাজের সব ধরনের বিভেদ অতিক্রম করে সম্প্রীতি, সহমর্মিতা ও অন্তর্ভুক্তির চেতনা জাগ্রত করে।
সংস্কৃতি কোনো বাহ্যিক আয়োজনের সমষ্টি নয়। এটি মানুষের চিন্তা, অনুভূতি, স্মৃতি ও অভিজ্ঞতার গভীরে প্রোথিত এক সত্তা। সংস্কৃতিই মানুষকে তার মাটি, ভাষা ও ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত রাখে। আর এই সংযোগ দুর্বল হয়ে পড়লে সমাজে ‘আমরা’ বোধ ক্ষীণ হয়ে যায়, পারস্পরিক আস্থা কমে এবং বিভাজনের দেয়াল ক্রমেই উঁচু হতে থাকে।
নববর্ষের উৎসব এক গভীর ও তাৎপর্যপূর্ণ প্রতিবাদও—সাম্প্রদায়িকতা, বিভাজন ও সংকীর্ণতার বিরুদ্ধে; মানবতা, উদারতা এবং সাংস্কৃতিক স্বাতন্ত্র্যের পক্ষে। বিশ্বায়নের এই সময়ে, যখন নিজস্ব সংস্কৃতি হারিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়, তখন বৈশাখ আমাদের শিকড়ের দিকে ফিরে তাকাতে এবং ঐতিহ্য, মূল্যবোধ ও নিজস্ব পরিচয়ের গুরুত্ব নতুনভাবে উপলব্ধি করতে শেখায়। ফলে পয়লা বৈশাখ কেবল সময়ের পরিবর্তনের চিহ্ন নয়; আমাদের সাংস্কৃতিক আত্মপরিচয়কে দৃঢ় করে এবং আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সমন্বয়ে এগিয়ে যাওয়ার পথ দেখায়।
তাই বাংলা নববর্ষ শুধু একদিনের উৎসব নয়। এটি চলমান চেতনা। এই চেতনা আমাদের একসঙ্গে বাঁচতে এবং মানবিক মূল্যবোধকে ধারণ করতে শেখায়। আমরা মানুষ, আমরা বাঙালি—এই পরিচয়ের ঐক্যই বাংলা নববর্ষের প্রকৃত সৌন্দর্য।