অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (এএসডি) হলো একটি নিউরোডেভেলপমেন্টাল অবস্থা। এটি মূলত যোগাযোগ, সামাজিক আচরণ এবং পুনরাবৃত্তিমূলক কাজের মাধ্যমে প্রকাশ পায়। ‘স্পেকট্রাম’ বলা হয় কারণ এর লক্ষণ ও তীব্রতা ব্যক্তি ভেদে ভিন্ন হয়। কেউ খুব হালকা সমস্যায় ভোগেন, আবার কারও ক্ষেত্রে তা দৈনন্দিন জীবনে বড় প্রভাব ফেলে। বিশ্বজুড়ে অটিজম শনাক্তের হার বাড়ছে, যা একদিকে সচেতনতা ও উন্নত ডায়াগনোসিসের ফল। অন্যদিকে গবেষকদের জন্য নতুন প্রশ্ন তৈরি করছে।
অটিজমের কারণ নিয়ে গবেষণা
নির্দিষ্ট একটি কারণে অটিজম হয় না। এটি বহু কারণের সম্মিলিত ফল বলে গবেষণায় দেখা গেছে। জেনেটিক বা বংশগত প্রভাব এখানে বড় ভূমিকা রাখে। বিজ্ঞানীরা এমন শতাধিক জিন চিহ্নিত করেছেন, যেগুলোর পরিবর্তন অটিজমের ঝুঁকি বাড়াতে পারে। ‘দ্য কন্ট্রিবিউশন অব এনভাইরলমেন্টাল এক্সপোজার টু দ্য এটিওলোজি অব অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার’ শিরোনামের আরেকটি গবেষণায় দেখা যায়, শুধু জিনই নয়, পরিবেশগত কিছু ফ্যাক্টর যেমন: গর্ভাবস্থায় সংক্রমণ, বায়ুদূষণ, বা মাতৃস্বাস্থ্যের সমস্যা ইত্যাদিও অটিজমের ঝুঁকি বাড়াতে পারে বলে গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।
মস্তিষ্কের গঠন ও কার্যকারিতা
অটিজম নিয়ে সাম্প্রতিক গবেষণার একটি বড় অংশ মস্তিষ্কের গঠন ও কার্যকারিতার ওপর কেন্দ্রীভূত। ব্রেন ইমেজিং প্রযুক্তি (এমআরআই) ব্যবহার করে ক্যারেক্টারিস্টিকস অব ব্রেইন ইন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার: স্ট্রাকচার, ফাংশন অ্যান্ড কানেক্টিভি এক্সোস দ্য লাইফস্প্যান শিরোনামের একটি পর্যালোচনায় দেখা যায়, অটিজমে আক্রান্ত ব্যক্তিদের মস্তিষ্কে কিছু অঞ্চলের সংযোগ ভিন্নভাবে কাজ করে।
বিশেষ করে, সামাজিক আচরণ ও ভাষা প্রক্রিয়াকরণের সঙ্গে যুক্ত অংশগুলোর মধ্যে সমন্বয় কম বা ভিন্ন হতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, অটিজমে শিশুদের মস্তিষ্কের বৃদ্ধি প্রথম দিকে দ্রুত হয়, পরে তা ধীর হয়ে যায়। এসব তথ্য ভবিষ্যতে দ্রুত শনাক্তকরণ ও লক্ষ্যভিত্তিক চিকিৎসা উন্নয়নে সহায়ক হতে পারে।
প্রাথমিক শনাক্তকরণ ও ডায়াগনোসিস
আগে অটিজম সাধারণত ৩-৪ বছর বয়সে শনাক্ত হতো। কিন্তু নতুন গবেষণা বলছে, ১২-১৮ মাস বয়সেই কিছু প্রাথমিক লক্ষণ ধরা সম্ভব। যেমন: চোখে চোখ রেখে কথা না বলা, নাম ডাকলে সাড়া না দেওয়া, বা খেলায় আগ্রহ কম থাকা।
আর্লি ডিটেকটিং অব অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার: এডভান্স ইন এআই এন্ড বিহেভিয়ারিয়াল স্ক্রিনিং শিরোনামে একটি গবেষনা থেকে জানা যায়, এখন এআই ভিত্তিক টুল, ভিডিও অ্যানালাইসিস এবং আচরণগত স্ক্রিনিং ব্যবহার করে আরও দ্রুত ও নির্ভুলভাবে অটিজম শনাক্ত করার চেষ্টা চলছে। এতে শিশুদের আগেভাগে থেরাপি দেওয়া সম্ভব হয় যা তাদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
চিকিৎসা ও থেরাপি: কী বলছে গবেষণা
অটিজমের ‘একক’ কোনো চিকিৎসা নেই, তবে বিভিন্ন থেরাপি কার্যকর প্রমাণিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রচলিত হলো বিহেভিয়ারাল থেরাপি, স্পিচ থেরাপি, এবং অকুপেশনাল থেরাপি।
সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, ব্যক্তিকেন্দ্রিক থেরাপি বেশি কার্যকর। অর্থাৎ প্রতিটি শিশুর প্রয়োজন অনুযায়ী আলাদা পরিকল্পনা করা। কিছু ক্ষেত্রে ওষুধ ব্যবহার করা হয়, তবে তা মূলত সহ-লক্ষণ (যেমন উদ্বেগ, হাইপারঅ্যাক্টিভিটি) নিয়ন্ত্রণের জন্য, অটিজম নিজে সারানোর জন্য নয়।
জিন থেরাপি ও ভবিষ্যৎ সম্ভাবনা
বর্তমানে গবেষকরা জিন থেরাপি এবং নিউরোমডুলেশন নিয়ে কাজ করছেন। কিছু বিরল জেনেটিক কারণে হওয়া অটিজমের ক্ষেত্রে নির্দিষ্ট জিন টার্গেট করে চিকিৎসার সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও এটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে, ভবিষ্যতে এটি বড় পরিবর্তন আনতে পারে।
এছাড়া, মেশিন লার্নিং ও বড় ডেটা বিশ্লেষণ ব্যবহার করে অটিজমের ধরন ও আচরণ আরও ভালোভাবে বোঝার চেষ্টা চলছে। এতে করে চিকিৎসা ও সাপোর্ট সিস্টেম আরও উন্নত করা সম্ভব হবে।
সামাজিক দৃষ্টিভঙ্গি
গবেষণার একটি গুরুত্বপূর্ণ দিক হলো সামাজিক অন্তর্ভুক্তি। এখন অনেক বিশেষজ্ঞ ‘নিউরোডাইভারসিটি’ধারণাকে গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ অটিজমকে শুধুমাত্র একটি সমস্যা হিসেবে না দেখে, মানুষের বৈচিত্র্যের অংশ হিসেবে দেখা।
স্কুল, কর্মক্ষেত্র এবং সমাজে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা গেছে, সঠিক সাপোর্ট পেলে তারা শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক জীবনে সফল হতে পারেন।
অটিজম নিয়ে গবেষণা দ্রুত এগিয়ে চলেছে, এবং প্রতিনিয়ত নতুন তথ্য যুক্ত হচ্ছে। যদিও এখনো এর নির্দিষ্ট কারণ বা সম্পূর্ণ নিরাময় পাওয়া যায়নি। তবে প্রাথমিক শনাক্তকরণ, উন্নত থেরাপি এবং প্রযুক্তির ব্যবহার অটিজমে আক্রান্ত ব্যক্তিদের জীবনের মান অনেক উন্নত করছে।
ভবিষ্যতের গবেষণা হয়তো আরও স্পষ্ট উত্তর দেবে—কীভাবে অটিজমকে আরও ভালোভাবে বোঝা, সমর্থন করা এবং সম্ভব হলে প্রতিরোধ করা যায়।