তরমুজ কেন দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৭: ০৭
ছবি: সংগৃহীত

গ্রীষ্ম এলেই বাজার ভরে ওঠে রসালো ফল তরমুজে। তীব্র গরমে শরীরকে ঠান্ডা রাখতে এবং পানিশূন্যতা দূর করতে তরমুজের কোনো বিকল্প নেই। কিন্তু ভোক্তাদের একটি সাধারণ অভিযোগ, এই ফলটি বেশিদিন সংরক্ষণ করা যায় না। কয়েকদিনের মধ্যেই তরমুজ তার স্বাদ, গন্ধ ও সতেজতা হারাতে শুরু করে। কখনো আবার বাইরে ঠিকঠাক দেখালেও ভেতরে নরোম বা নষ্ট হয়ে যায়।

প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিকভাবে এত রসালো ও পুষ্টিগুণে ভরপুর একটি ফল কেন দীর্ঘদিন টিকে থাকতে পারে না? সংরক্ষণ প্রযুক্তির অগ্রগতি সত্ত্বেও কেন তরমুজের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা রয়ে গেছে?

পানির আধিক্যই বড় কারণ

তরমুজের গঠনগত বৈশিষ্ট্যই এর সংরক্ষণ সমস্যার মূল কারণ। এই ফলে প্রায় ৯০ শতাংশের বেশি পানি থাকে। ফলে এটি অত্যন্ত নরোম ও দ্রুত পচনশীল। ফলটি কাটার পর এর ভেতরের আর্দ্র পরিবেশে খুব সহজেই ব্যাকটেরিয়া ও ছত্রাক জন্ম নিতে পারে। বিশেষজ্ঞদের মতে, উচ্চ জলীয় অংশযুক্ত ফল সাধারণত দীর্ঘদিন সংরক্ষণ করা কঠিন, আর তরমুজ তার অন্যতম উদাহরণ।

প্রাকৃতিক সুরক্ষা কম

অন্যান্য অনেক ফলের তুলনায় তরমুজের প্রাকৃতিক সংরক্ষণ ক্ষমতা কম। যেমন আপেল বা কমলার মতো ফলে প্রাকৃতিক অম্লতা (অ্যাসিডিটি) বেশি থাকে, যা জীবাণুর বৃদ্ধি কিছুটা হলেও প্রতিরোধ করে। কিন্তু তরমুজে অম্লতা কম এবং শর্করা বেশি থাকায় এটি জীবাণুর জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। ফলে অল্প সময়েই এর স্বাদ ও গুণাগুণ নষ্ট হতে শুরু করে।

তাপমাত্রার প্রভাব

এছাড়া উচ্চ তাপমাত্রা তরমুজ নষ্ট হওয়ার আরেকটি বড় কারণ। গরম আবহাওয়ায় ফলের ভেতরের এনজাইম দ্রুত কাজ করে এবং পচন প্রক্রিয়া ত্বরান্বিত হয়। বিশেষ করে বাংলাদেশসহ উষ্ণ অঞ্চলে খোলা পরিবেশে তরমুজ রাখলে তা দ্রুত নরম হয়ে যায় এবং ভেতরে গন্ধ তৈরি হতে পারে। তাই বাজার থেকে কেনার পর দীর্ঘ সময় রোদে বা গরমে রেখে দিলে তরমুজের গুণগত মান দ্রুত কমে যায়।

কাটার পর ঝুঁকি বাড়ে

আস্ত তরমুজ তুলনামূলকভাবে কিছুদিন ভালো থাকে, তবে একবার কেটে ফেললে ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। কাটার পর এর ভেতরের অংশ বাতাসের সংস্পর্শে আসে এবং মাইক্রোবায়াল সংক্রমণের সম্ভাবনা বাড়ে। অনেক সময় খোলা অবস্থায় রেখে দিলে এতে ধুলোবালি বা জীবাণু ঢুকে পড়ে, যা স্বাস্থ্যঝুঁকিও তৈরি করতে পারে।

পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতা

বাংলাদেশে তরমুজ পরিবহন ও সংরক্ষণ ব্যবস্থাও একটি বড় চ্যালেঞ্জ। অধিকাংশ ক্ষেত্রে ফলটি খোলা ট্রাকে বা সাধারণ পরিবহনে আনা হয়, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণের সুযোগ থাকে না। ফলে বাজারে পৌঁছানোর আগেই অনেক তরমুজের গুণগত মান কমে যায়। আবার আধুনিক কোল্ড চেইন (শীতল সংরক্ষণ ব্যবস্থা) পর্যাপ্ত না থাকায় দীর্ঘ সময় তাজা রাখা সম্ভব হয় না।

কীভাবে তরমুজ বেশি সময় ভালো রাখা যায়

তরমুজ সম্পূর্ণভাবে দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব না হলেও কিছু পদ্ধতি অনুসরণ করলে এর স্থায়িত্ব কিছুটা বাড়ানো যায়। আস্ত তরমুজ ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখা উচিত। কাটার পর অবশ্যই ফ্রিজে রাখতে হবে এবং প্লাস্টিক র‍্যাপ বা বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করা ভালো। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কাটা তরমুজ খেয়ে ফেলা নিরাপদ। সরাসরি রোদ বা গরম জায়গায় রাখা থেকে বিরত থাকতে হবে। তবে নষ্ট তরমুজ খেলে খাদ্যজনিত অসুস্থতার ঝুঁকি থাকে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে এটি ডায়রিয়া বা পেটের সমস্যার কারণও হতে পারে। তাই স্বাদ, গন্ধ বা রঙে পরিবর্তন দেখা দিলে সেই তরমুজ না খাওয়াই নিরাপদ।

বিশেষজ্ঞরা মনে করেন, আধুনিক সংরক্ষণ প্রযুক্তি ও কোল্ড চেইন উন্নত করা গেলে তরমুজের অপচয় অনেকাংশে কমানো সম্ভব। পাশাপাশি কৃষকদেরও ফল সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। গ্রীষ্মের এই জনপ্রিয় ফলটি দ্রুত নষ্ট হওয়ার পেছনে রয়েছে এর প্রাকৃতিক বৈশিষ্ট্যই। তাই সচেতনভাবে সংরক্ষণ ও দ্রুত ব্যবহারই হতে পারে এর সর্বোত্তম সমাধান

সম্পর্কিত