যুক্তরাষ্ট্রের হামলায় তিন মৃত্যু, জবাবে ৩টি এফ-৩৫ ধ্বংসের দাবি ইরানের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৯: ২২
এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত হওয়ার জবাবে জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, জর্ডানকে উদ্দেশ করে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি এ দাবি করেছে। খবর আলজাজিরার।

বিবৃতিতে বলা হয়, আইআরজিসি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আল-আজরাক বিমানঘাঁটির বিমান ওঠা-নামার পথ ও রক্ষণাবেক্ষণ শেডে হামলা চালিয়েছে। ওই ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে।

আইআরজিসির দাবি, হামলায় যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এ ছাড়া আরও তিনটি যুদ্ধবিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় শত্রুপক্ষের কয়েকজন কর্মকর্তা এবং কারিগরি ও রক্ষণাবেক্ষণ কর্মী নিহত হয়েছে বলে জানানো হয়।

আইআরজিসি জানায়, ‘আমাদের এ অঞ্চলে শিশুহত্যাকারী সেনাবাহিনীর কোনো জায়গা নেই। তারা গভীর রাতে ঘুমন্ত নিরীহ পরিবারের ওপর হামলা করে। ইসলামের ভূমি থেকে শেষ মার্কিন দখলদারকে বিতাড়িত না করা পর্যন্ত জর্ডানের সঙ্গে সংগ্রাম অব্যাহত থাকবে।’

তবে আইআরজিসির এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আলজাজিরা।

এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) ইরানের স্থানীয় সময় ভোরে কেশম দ্বীপের একটি আবাসিক ভবনে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত হয়েছেন। দেশটির বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, নিহতরা হলেন এক দম্পতি ও তাদের দুই বছরের শিশু।

এ ছাড়া হামলায় আহত সাত ও নয় বছর বয়সী আরও দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত