আবেগের ভাইরাল: আসলেই কি শেষ ‘গোপাল ভাঁড়’

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৮: ৩২
স্ট্রিম গ্রাফিক

গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর ঘুরে বেড়াচ্ছে—‘গোপাল ভাঁড়’ কার্টুনটি নাকি শেষ হয়ে গেছে। ‘গোপাল মারা গেছে’, ‘শৈশব শেষ হয়ে গেল’—এমন সব কথা লিখে আবেগঘন পোস্ট দিচ্ছেন ভক্তরা। ফেসবুক, ইউটিউব, টিকটক—সব জায়গায় একটি ছোট্ট ভিডিও ক্লিপ দেখা যাচ্ছে। সেখানে দেখা যায়, গোপাল মৃত্যুশয্যায় শুয়ে আছে। আর তার পাশে দাঁড়িয়ে কাঁদছেন রাজা কৃষ্ণচন্দ্র, গোপালের স্ত্রী, নাতিনাতনি ও রাজসভার অন্য সদস্যরা।

ভিডিওটি দেখে অনেকেই ধরে নিয়েছেন, এত বছরের জনপ্রিয় এই কার্টুনটি বুঝি এখানেই শেষ। কেউ কেউ এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছেন, যেন বাস্তবের কোনো পরিচিত মানুষকে হারিয়েছেন।

কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি গোপাল ভাঁড়ের প্রচার শেষ হয়ে গেছে? ‘সনি আট’ চ্যানেল বা সংশ্লিষ্ট কতৃপক্ষের তরফ থেকেও এখনো পাকাপাকিভাবে বন্ধের কোনো ঘোষণা আসেনি।

যে ভিডিওটি নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটি আসলে নতুন কোনো পর্ব নয়। এটি প্রায় দুই বছর আগে প্রচারিত ১০৩৭ নম্বর পর্বের একটি দৃশ্য। এমনকি ওই পর্বেও গোপাল ভাঁড় আসলে মারা যায়নি, সে শুধু মারা যাওয়ার ‘অভিনয়’ করছিল। সেই পুরোনো দৃশ্যটিই সম্প্রতি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির সঙ্গে ‘শেষ পর্ব’, ‘গোপালের মৃত্যু’, ‘শৈশবের সমাপ্তি’—এমন আবেগমাখা শিরোনাম জুড়ে দেওয়ায় অনেকেই পুরো বিষয়টিকে সত্যি বলে ধরে নিয়েছেন।

বাস্তবে ঘটনাটি পুরোপুরি ভিন্ন। ওই পর্বটি প্রচার হওয়ার পরও কার্টুনটির নতুন নতুন অনেক পর্ব টিভিতে দেখানো হয়েছে। অর্থাৎ ভাইরাল হওয়া ওই ভিডিওটি কোনোভাবেই গোপাল ভাঁড় সিরিজের শেষ হওয়ার ঘোষণা নয়।

গুজবের সঙ্গে আবেগের মিশেল

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই অসংখ্য গুজব ছড়ায়, যার বেশির ভাগই কয়েক ঘণ্টার মধ্যে হারিয়ে যায়। কিন্তু গোপাল ভাঁড়কে ঘিরে ছড়িয়ে পড়া এই বিভ্রান্তি ছিল একেবারেই অন্য রকম। কারণ বেশির ভাগ কার্টুন শুধু ছোটদের জন্য হলেও, গোপাল ভাঁড় পরিবারের সবাই মিলে দেখতে পারে। অনেকের প্রতিদিনের সঙ্গী এই কার্টুন। এমনকি গোপাল ভাঁড় না দেখলে অনেকের ঠিকমতো খাওয়াও হয় না! আর এটি শুধু অল্পবয়সীদের ক্ষেত্রে নয়, ত্রিশ বা পঞ্চাশোর্ধ্ব অনেক মানুষের ক্ষেত্রেও সত্যি।

তাই যখন পর্দার সেই পরিচিত চরিত্রটিকেই মারা যেতে দেখা যায়, তখন সেটি আর কেবল একটি কার্টুনের দৃশ্য হয়ে থাকে না। এটি হয়ে ওঠে নিজের শৈশব এবং বহু বছরের পরিচিত এক আপন জগৎকে হারিয়ে ফেলার ভয়।

জনপ্রিয় কার্টুন গোপাল ভাঁড়। ছবি: উইকিপিডিয়া
জনপ্রিয় কার্টুন গোপাল ভাঁড়। ছবি: উইকিপিডিয়া

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম ঠিক এই ধরনের আবেগঘন বিষয়গুলোকেই সবচেয়ে দ্রুত সবার কাছে পৌঁছে দেয়। ফলে কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায়। অনেকেই পুরো পর্ব না দেখে বা তথ্য যাচাই না করেই সেটি শেয়ার করতে থাকেন। এভাবেই একটি পুরোনো দৃশ্য নতুন গুজবে পরিণত হয়। তবে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি লুকিয়ে আছে অন্য জায়গায়।

শুধু হাসির কার্টুন নয়, ন্যায়বিচারের এক কল্পজগৎ

গোপাল ভাঁড় বললেই চোখের সামনে ভেসে ওঠে বেঁটে, মোটা, টাকমাথাওয়ালা এক হাসিখুশি মানুষের চেহারা। তার পাশে থাকেন প্রজাদরদি রাজা কৃষ্ণচন্দ্র, আর অন্যদিকে থাকে ক্ষমতালোভী ও কূটচালে ওস্তাদ এক মন্ত্রী। মন্ত্রী কখনো নিজের স্বার্থে রাজ্যকে বিপদের মুখে ঠেলে দেয়, আবার কখনো রাজকোষের টাকা চুরি করে নিজের পকেট ভারী করে। আর প্রতিবারই নিজের বুদ্ধি, উপস্থিত বুদ্ধি আর রসবোধ দিয়ে সেই চক্রান্ত নস্যাৎ করে দেয় গোপাল।

গল্পের প্রয়োজনে কার্টুনটিতে কখনো মুর্শিদাবাদের নবাব, কখনো উজির, কখনো রানি, আবার কখনো গোপালের স্ত্রী বা নাতি-নাতনিদেরও দেখা যায়। চরিত্র বদলায়, ঘটনাও বদলায়, কিন্তু একটি বিষয় সবসময় একই থাকে—শেষ পর্যন্ত জয় হয় সত্যের, আর পরাজয় হয় ষড়যন্ত্রের।

১২০০ পর্বেরও বেশি প্রচারিত হওয়ার পরেও গল্পের এই মূল কাঠামো বদলায়নি। আর সম্ভবত এই কারণেই সব বয়সের দর্শক একই আগ্রহ নিয়ে কার্টুনটি দেখে আসছেন। তারপরও মানুষ কেন বিরক্ত হয় না?

এর উত্তর শুধু হাসির খোরাকের মধ্যে লুকিয়ে নেই। আমরা বাস্তবে যেমন সমাজব্যবস্থা দেখতে চাই, তারই কিছুটা প্রতিফলন এই কার্টুনে দেখা যায়। এটি শুধুই বিনোদন নয়, এখান থেকে অনেকটা ‘পোয়েটিক জাস্টিস’-এর স্বাদ পাওয়া যায়। এই অনুভূতিটাই হয়তো বুঝিয়ে দেয় কেন গোপাল ভাঁড় কেবল শিশুদের কার্টুনে আটকে থাকেনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক পাস করা শিক্ষার্থী রুহি বলেন, ‘এখানে শুধু বিনোদন নেই, প্রতি পর্বেই দুষ্টের শাস্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হতে দেখা যায়। আমাদের সমাজে এর অভাব থাকায় কার্টুনে এসব দেখলে বাস্তব জীবনের হতাশা থেকে অনেকটা ‘‘এস্কেপ’’ বা মুক্তি পাওয়া যায়।’ এই মন্তব্যটি শুধু একজন দর্শকের ব্যক্তিগত অনুভূতি নয়, বরং এটি অসংখ্য দর্শকের অভিজ্ঞতারই প্রতিচ্ছবি।

মানুষ গোপালের মধ্যে নিজেকে খুঁজে পায়

গোপাল ভাঁড় কোনো ক্ষমতাবান ব্যক্তি নন। তিনি রাজা নন, সেনাপতি নন, এমনকি ধনী ব্যবসায়ীও নন। তিনি নিতান্তই সাধারণ একজন মানুষ। কিন্তু সেই সাধারণ মানুষটিই প্রতিবার সমাজের সবচেয়ে শক্তিশালী মানুষদের কেবল নিজের বুদ্ধি দিয়ে হারিয়ে দেন।

দুর্নীতিবাজ মন্ত্রী, প্রভাবশালী দরবারি কিংবা অন্য কোনো ষড়যন্ত্রকারী—যেই হোক না কেন, শেষ পর্যন্ত সবার মুখোশ খুলে যায়। অপরাধীর বিচার হয় সবার সামনে প্রকাশ্যেই। বাস্তব জীবনে সাধারণ মানুষ ক্ষমতার কাছে অনেক সময়ই অসহায় বোধ করে। কিন্তু গোপালের গল্পে সেই অসহায় মানুষটিই সবচেয়ে শক্তিশালী চরিত্র হিসেবে ধরা দেয়।

গোপাল ভাঁড়। ছবি: সংগৃহীত
গোপাল ভাঁড়। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুমন সাজ্জাদ বলেন, ‘গোপাল সাধারণ ঘরের একজন মানুষ হয়েও শুধু নিজের বুদ্ধিমত্তা দিয়ে শাসকশ্রেণিকে হারিয়ে দেয়। ক্ষমতার জোর না থাকলেও নিজের কৌশল দিয়ে সে এই শ্রেণিবৈষম্য দূর করে দেয়। এটি দর্শককে একধরনের মানসিক প্রশান্তি দেয়।’

অ্যারিস্টটল যা বলেছিলেন

গোপাল ভাঁড়ের এই ব্যাপক জনপ্রিয়তাকে সাহিত্য ও মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করা যায়। দার্শনিক অ্যারিস্টটল তাঁর ‘ক্যাথারসিস’ তত্ত্বে বলেছেন, নাটক বা কাহিনি মানুষের মনে জমে থাকা ভয়, ক্ষোভ, হতাশা বা কষ্ট থেকে সাময়িক মুক্তি দেয়। পর্দার চরিত্রগুলোর অভিজ্ঞতার মধ্য দিয়ে দর্শক নিজের ভেতরের নেতিবাচক আবেগগুলোকে শুদ্ধ করার সুযোগ পান।

গোপাল ভাঁড়ের ক্ষেত্রেও অনেকটা একই ব্যাপার ঘটে। বাস্তব জীবনে ন্যায়বিচার পেতে অনেক সময় লাগে, কখনো কখনো তা পাওয়াই যায় না। কিন্তু টিভির পর্দায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই অন্যায়কারী ধরা পড়ে, মিথ্যার মুখোশ খুলে যায় এবং বিচার শেষ হয়ে যায়। ফলে দর্শকরা পর্দায় এমন কিছু দেখেন, যা বাস্তব জীবনে সব সময় দেখা সম্ভব হয় না।

একইভাবে এখানে ‘এস্কেপিজম’ বা বাস্তবতা থেকে সাময়িক পালানোর বিষয়টিও কাজ করে। প্রাত্যহিক জীবনের নানা চাপ, হতাশা ও অনিশ্চয়তার বাইরে মানুষ সব সময়ই এমন একটি জগৎ খোঁজে, যেখানে সবকিছু একটু সহজ ও সুন্দর। যেখানে সত্যকে কোনোভাবেই ধামাচাপা দেওয়া যায় না, দুর্নীতিবাজ শেষমেশ হেরে যায়, আর সাধারণ একজন মানুষও স্রেফ বুদ্ধির জোরে ক্ষমতাবানকে হারিয়ে দিতে পারে।

গোপাল ভাঁড় ঠিক সেই কল্পনার জগৎটাই তৈরি করে দেয়। তাই অনেকের কাছেই এটি মানসিক শান্তির এক দারুণ জায়গা হয়ে উঠেছে।

পুরোনো দৃশ্য হঠাৎ কেন ভাইরাল

‘গোপাল মারা গেছে’, ‘শেষ পর্ব’, ‘শৈশব শেষ’—এ ধরনের শিরোনাম খুব দ্রুত মানুষের নজর কাড়ে। কারণ এগুলো কেবল একটি খবর জানায় না, মানুষের স্মৃতি ও অনুভূতিকেও ছুঁয়ে যায়। যারা ছোটবেলা থেকে গোপাল ভাঁড় দেখে বড় হয়েছে, তারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই সেটিকে নিজেদের শৈশবের সঙ্গে মিলিয়ে ফেলেছে। ফলে অনেকেই পুরো পর্ব না দেখে বা খবরের সত্যতা যাচাই না করেই ভিডিওটি শেয়ার করেছেন।

যোগাযোগ বিশেষজ্ঞরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম ঠিক সেই ধরনের কনটেন্টগুলোকেই বেশি ছড়ায়, যা মানুষকে দ্রুত কোনো না কোনো প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে। দুঃখ, বিস্ময় কিংবা পুরোনো স্মৃতি (নস্টালজিয়া)—এই তিন ধরনের আবেগ সবচেয়ে বেশি শেয়ার তৈরি করে। ‘গোপাল মারা গেছে’—এই বার্তার মধ্যে এই তিনটি আবেগই একসঙ্গে মিশে ছিল।

গোপাল ভাঁড়ের জনপ্রিয়তা শুধু আবেগেই আটকে নেই, পরিসংখ্যানেও তা স্পষ্ট। কার্টুনটির সম্প্রচার প্রথম শুরু হয় ভারতীয় টিভি চ্যানেল ‘সনি আট’-এ। এরপর ধীরে ধীরে এটি বাংলা ভাষার অন্যতম দীর্ঘমেয়াদি অ্যানিমেটেড ধারাবাহিক বা কার্টুন সিরিজে পরিণত হয়।

২০১৬ সালের এপ্রিল মাসে কার্টুনটির যাত্রা শুরু হয়। আর ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত এর ১২৬৮টি পর্ব প্রচারিত হয়েছে। ভাইরাল হওয়া দৃশ্যটি ছিল ‘রসিক ভূত’ নামের ১০৩৭ নম্বর পর্বের একটি অংশ, যা প্রায় দুই বছর আগেই প্রচারিত হয়েছিল। ওই পর্বের পরও কার্টুনের নতুন নতুন পর্ব সম্প্রচারিত হয়েছে। অর্থাৎ গোপালের মৃত্যু দেখানো সেই দৃশ্যটি কখনোই সিরিজের শেষ ছিল না।

বাংলাদেশেও এই কার্টুনের জনপ্রিয়তা মোটেও কম নয়। টেলিভিশনের পাশাপাশি ইউটিউব এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও এর বিভিন্ন ক্লিপ কোটি কোটি বার দেখা হয়েছে। শিশুদের পাশাপাশি তরুণ ও বয়স্ক দর্শকদের মধ্যেও এর বিশাল এক ভক্তগোষ্ঠী তৈরি হয়েছে।

আবেগের ভাইরাল

গোপাল ভাঁড়কে ঘিরে সাম্প্রতিক এই গুজবের ঘটনায় আবেগের ভূমিকাই সবচেয়ে বেশি কাজ করেছে। প্রতিদিনের জীবনে আমরা চারপাশে এমন অনেক ঘটনা দেখি, যেখানে অন্যায়ের বিচার হয় না, সত্য প্রমাণ করতে দীর্ঘ সময় লেগে যায় কিংবা ক্ষমতাবানরা সহজেই পার পেয়ে যায়। সেই রূঢ় বাস্তবতার বিপরীতে দাঁড়িয়ে গোপাল ভাঁড় বারবার এমন এক সুন্দর পৃথিবীর ছবি তৈরি করেছে, যেখানে একজন সাধারণ মানুষ স্রেফ নিজের বুদ্ধির জোরেই ক্ষমতার অপব্যবহারকে হারিয়ে দিতে পারে।

এর গল্পের ভেতর লুকিয়ে আছে মানুষের ন্যায়বিচার পাওয়ার আকাঙ্ক্ষা, ক্ষমতার সমালোচনা, হাসির আড়ালে সামাজিক ব্যঙ্গ এবং বাস্তব জীবনের ক্লান্তি থেকে সাময়িক মুক্তির এক নিরাপদ মানসিক আশ্রয়। এই আশ্রয়টুকু শেষ হয়ে যাওয়ার ভয় থেকেই মূলত এই পুরোনো ভিডিওটি এত ভাইরাল হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত