ফার্নেস অয়েলের দাম লিটারে কমল ৮ টাকা ৭১ পয়সা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১৯: ১০
ফার্নেস তেল। ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম লিটারে ৮ টাকা ৭১ পয়সা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দর অনুযায়ী প্রতি লিটার তেল ১০০ টাকা ৩৯ পয়সায় বিক্রি হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিইআরসির সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই নির্ধারিত মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস তেলের ক্ষেত্রে এই মূল্য প্রযোজ্য হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং সরকারি তেল বিপণনকারী প্রতিষ্ঠান—পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের গ্রাহকদের জন্য এই দর কার্যকর হবে।

এর আগে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ছিল ১০৯ টাকা ১০ পয়সা, যা এখন কমিয়ে ১০০ টাকা ৩৯ পয়সা করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, অন্তর্বর্তী সরকার মূল্য নির্ধারণের ক্ষমতা হস্তান্তরের পর থেকে নিয়মিত দাম সমন্বয় করা হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি ফার্নেস তেলের দাম ঘোষণা করেছিল, যার ধারাবাহিকতায় এবার পঞ্চমবারের মতো তেলের মূল্য সমন্বয় করা হলো।

নতুন দরে ৩০ জুন থেকে ২৮ জুলাই পর্যন্ত সময়ে আমদানি করা ফার্নেস তেলের দামের গড় ধরা হয়েছে। এর পাশাপাশি তেলের দাম নির্ধারণে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বিবেচনায় নেওয়া হয়েছে।

Ad 300x250

সম্পর্কিত