ইয়েমেনের মারিবে সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুতিদের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ০৬
রয়েল সৌদি এয়ারফোর্সের বহরে থাকা একটি এফ-ফিফটিন বিমান। ছবি: সংগৃহীত
রয়েল সৌদি এয়ারফোর্সের বহরে থাকা একটি এফ-ফিফটিন বিমান। ছবি: সংগৃহীত

ইয়েমেনের মারিব এলাকায় সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। বুধবার (১৬ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দাবি করেন।

এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, মারিব এলাকায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে আল-জাজিরা জানিয়েছে, মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলানের কাছে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। তবে হুতিদের এ দাবি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি সৌদি নেতৃত্বাধীন জোট।

ইয়াহিয়া সারি বলেন, ‘আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে আগ্রাসনের মুখে ইয়েমেনের সশস্ত্র বাহিনী (হুতি বিদ্রোহীরা) সৃষ্টিকর্তার সহায়তা ও অনুগ্রহে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।’

হুতিদের সঙ্গে সৌদি আরবের দীর্ঘদিনের সংঘাত নতুন করে ঘনীভূত হওয়ার মধ্যেই নতুন এ দাবি এল। ২০১৫ সাল থেকে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের লড়াই চলছে। ওই বছর হুতিরা রাজধানী সানা দখল করে নেয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে। পরে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

হুতিদের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্তরাষ্ট্র

সৌদি আরবের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যেই হুতিদের সঙ্গে সরাসরি আলোচনা চালানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার বলেছেন, ওয়াশিংটন হুতিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ময়ুন বা পেরিম দ্বীপ হুতিরা দখলে নেওয়ার পর ভ্যান্স এ মন্তব্য করেন। বাব আল-মান্দেব প্রণালির খুব কাছে অবস্থিত হওয়ায় দ্বীপটির নিয়ন্ত্রণ প্রণালিতে হুতিদের কৌশলগত অবস্থান আরও শক্ত করেছে।

কানসাসের উদ্দেশে রওনা হওয়ার আগে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভ্যান্স। হুতিদের হাতে পেরিমের নিয়ন্ত্রণ চলে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ এ অঞ্চলে ক্ষতিগ্রস্ত অন্যদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। বিষয়টি মার্কিন প্রশাসন খুবই গুরুত্বের সঙ্গে নজরে রাখছে।’

এরপর তিনি বলেন, ‘আমরা হুতিদের সঙ্গেও সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছি। তাই আমাদের মনে হচ্ছে, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। তবে পরিস্থিতি খুবই দ্রুত ও নাটকীয়ভাবে পরিবর্তন হচ্ছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকব এবং নিশ্চিত করব, যাতে যুক্তরাষ্ট্রের স্বার্থ যথাযথভাবে সংরক্ষিত হয়।’

লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যকার গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেব। সম্প্রতি পেরিম দ্বীপ দখলের পর হুতিরা এই জলপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। ফলে আঞ্চলিক সংঘাতের পাশাপাশি আন্তর্জাতিক নৌবাণিজ্য নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত