সহপাঠীর ওপর হামলার বিচার দাবিতে জবিতে বিক্ষোভ মিছিল, প্রক্টরের বাধা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২০: ৪৯
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিয়ামত উল্লাহর ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সহপাঠীরা। সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী নিয়ামত উল্লাহর ওপর হামলার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সহপাঠীরা। ক্যাম্পাসে ছাত্রদল-শিবির সংঘর্ষের সময় নিয়ামত গুরুতর আহত হন।

রোববার (৯ আগস্ট) মিছিলটি ক্যাম্পাসের ‘শান্ত চত্বরে’ পৌঁছালে বাধা দেয় প্রক্টরিয়াল টিম।

এ সময় ক্যাম্পাসে সভা-সমাবেশ নিষিদ্ধ থাকার বিষয়টি তাদের জানানো হয়। সে সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রদলের নেতাকর্মীদের দেখিয়ে পাল্টা প্রশ্ন তোলেন, তারা স্লোগান দিতে পারলে সাধারণ শিক্ষার্থীরা কেন মিছিল করতে পারবে না। এ নিয়ে বাকবিতণ্ডার পর মিছিলটি গণিত বিভাগের সামনে গিয়ে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পাল্টা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’ ও ‘ক্যাম্পাসে সন্ত্রাস চলে, প্রশাসন কী করে’-সহ বিভিন্ন স্লোগান দেন। বিপরীতে ছাত্রদলের নেতাকর্মীরা ‘শিক্ষা-সন্ত্রাস একসঙ্গে চলে না’ ও ‘মব সন্ত্রাসের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’-সহ নানা স্লোগান তোলেন।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী মুবিন বলেন, ‘গত ৪ আগস্টের হামলায় নিয়ামত উল্লাহ গুরুতর আহত হলেও এখনো দৃশ্যমান বিচার হয়নি। আমরা নিরাপদ ক্যাম্পাস ও সহপাঠীর ওপর হামলার বিচার চাই।’

জবির প্রক্টর অধ্যাপক ড. নঈম নাসির উদ্দীন বলেন, ‘ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সভা, মিছিল ও সমাবেশ স্থগিত রাখা হয়েছে। বিষয়টি শিক্ষার্থীদের বোঝানো হয়েছে। পরে আহত নিয়ামত ও তার পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট ছাত্রদল-শিবির সংঘর্ষের অডিও-ভিডিও ধারণের সময় হামলার শিকার হন জবির গণিত বিভাগের শিক্ষার্থী নিয়ামত উল্লাহ। হামলায় তার চোয়াল ভেঙে যায় ও বেশ কয়েকটি দাঁত উপড়ে যায়। পরবর্তীতে চোয়ালে অস্ত্রোপচার হলেও তার বাকশক্তি এখনো ফেরেনি। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত