লোহিত সাগরে সৌদি আরবের দুই ট্যাংকারে হামলা হুতিদের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১০: ১০
হুতিদের হামলার শিকার হওয়া সৌদির তেলবাহী ট্যাংকার 'এনসেলিয়া'। ছবি : সংগৃহীত

লোহিত সাগরে সৌদি আরবের জ্বালানি তেলবাহী দুটি ট্যাংকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। হামলার পর অন্তত একটি ট্যাংকারে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আলজাজিরা ও রয়টার্সের।

হুতিদের দাবি, হামলার শিকার ট্যাংকার দুটির নাম ‘এনসেলিয়া’ এবং ‘লায়লা’। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে একই সময়ে ট্যাংকার দুটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হামলার সময় একটি ট্যাংকার সৌদি আরবের উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল বা ১৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

হামলার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবও। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, ‘এনসেলিয়া’ নামের ট্যাংকারটি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে আগুন লেগেছে। সৌদি পরিবহন কর্তৃপক্ষের এক কর্মকর্তার বরাত দিয়ে সংস্থাটি জানায়, জাহাজের সব নাবিক নিরাপদে আছেন। জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামুদ্রিক পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে রিয়াদের তেল পরিবহন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প হিসেবে পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরে এনে লোহিত সাগর হয়ে রপ্তানি করছে সৌদি আরব। ফলে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান বিকল্প রুটে পরিণত হয়েছে বাব আল-মান্দেব প্রণালি ও লোহিত সাগর।

এ অবস্থায় লোহিত সাগরে সৌদি তেলবাহী ট্যাংকারে হুতিদের হামলা বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থায় নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে হরমুজ প্রণালি কার্যত অচল থাকার মধ্যে বিকল্প এই পথও ঝুঁকির মুখে পড়েছে।

এর আগে আন্তর্জাতিক জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানো এক বার্তায় হুতিরা সতর্ক করেছিল, সৌদি আরবের তেল বহনকারী কিংবা সৌদি বন্দরে তেল ওঠানামা করে— এমন যেকোনো জাহাজ তাদের হামলার লক্ষ্যবস্তু হবে।

Ad 300x250

সম্পর্কিত