বুলগেরিয়া ও জার্মানিতে অজ্ঞাতনামা ড্রোন হামলা, ইউরোপের উদ্বেগ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২৩: ২০
ড্রোন। ছবি: সংগৃহীত

ইউরোপের দুটি দেশে অজ্ঞাতনামা ড্রোন দেখা যাওয়ায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি বুলগেরিয়ায় ড্রোন বিস্ফোরিত হয়েছে। জার্মানির একটি সামরিক ঘাঁটির ওপর দুটি ড্রোন উড়তে দেখা গেছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে এসব ঘটনা ঘটল। এতে ইউরোপের দেশগুলোতেও ইউক্রেন যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর আলজাজিরা

বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমেন রাদেভ শনিবার (৮ আগস্ট) বলেন, রোমানিয়া সীমান্তের কাছে একটি ড্রোন বিস্ফোরিত হয়েছে। এছাড়া ট্রান্স-বালকান গ্যাস পাইপলাইনের কাছেও এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, রোমানিয়ার সঙ্গে কারদাম সীমান্ত পারাপারের কাছে ড্রোনটি বিস্ফোরিত হয়। জায়গাটি গ্যাস পাইপলাইনের একটি কম্প্রেসার স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে। তবে কেউ হতাহত হয়নি।

এদিকে জার্মানির নর্থ রাইন-ভেস্টফালিয়া রাজ্যের মেখেরনিখ শহরের একটি সামরিক ঘাঁটির ওপর দুটি ড্রোন উড়তে দেখা গেছে। বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে ড্রোন দুটি দেখা যায়।

জার্মান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, এরপর সেখানে সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশও ঘটনাটি তদন্ত করছে।

জার্মান সংবাদমাধ্যম জানায়, ওই ঘাঁটিতে সামরিক সরঞ্জাম ও যন্ত্রাংশ রাখার একটি উচ্চনিরাপত্তার ভূগর্ভস্থ গুদাম রয়েছে। সেখানে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মীরাও রয়েছেন।

গত মঙ্গলবার রাতে জার্মানির লাইপজিগ/হালে বিমানবন্দরেও একটি ড্রোন উড়তে দেখা যায়। বিমানবন্দরটি বেসামরিক পণ্য পরিবহনের পাশাপাশি ন্যাটোর সরবরাহকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। সেখানে ইউক্রেনের কয়েকটি আন্তোনভ আন-১২৪ কার্গো উড়োজাহাজের কাছে ড্রোনটি দেখা যায় বলে জার্মান সংবাদমাধ্যম জানিয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশে ড্রোন দেখা যাওয়ায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই যুদ্ধ প্রতিবেশী ন্যাটো দেশগুলোর নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলতে পারে।

জার্মান সরকার এখনো এসব ঘটনার জন্য কোনো বিদেশি দেশকে দায়ী করেনি। তবে দেশটির কয়েকজন রাজনীতিক রাশিয়াকে দায়ী করেছেন।

এর আগে রোমানিয়ার আকাশসীমায় সন্দেহভাজন রুশ ড্রোন দেখা যাওয়ায় ইউরোপীয় কমিশন রাশিয়ার সমালোচনা করেছিল। সংস্থাটি বলেছিল, এর মাধ্যমে রাশিয়া আরেকটি সীমা অতিক্রম করেছে।

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বলেছেন, মস্কোর বেপরোয়া আচরণ আমাদের সবার জন্য বিপজ্জনক।

ন্যাটোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ম্যাথিউ হুইটেকার বলেছেন, জোটটি তার ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে।

তবে রাশিয়া এসব অভিযোগ অস্বীকার করেছে। শুক্রবার বার্লিনে রুশ দূতাবাস এটিকে মনগড়া উসকানি বলে দাবি করেছে। তারা জানায়, কোনো প্রমাণ ছাড়াই রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তোলার এটি আরেকটি উদাহরণ।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত