যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণ ছাড়া হরমুজ খুলবে না ইরান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দিলে হরমুজ প্রণালি খোলা হবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।শনিবার (৮ আগস্ট) সামাজিক মাধ্যম টেলিগ্রামে এ কথা জানান তিনি।

আরাঘচি বলেন, ইসলামাবাদ সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত হরমুজ পুনরায় খোলার সম্ভাবনা নেই।

আজ এক সংবাদ সম্মেলনে আরাঘচি বলেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে নতুন প্রটোকল চুক্তির ‘খুব কাছাকাছি’ ইরান। তবে পুনরায় হরমুজ খোলার বিষয়টি শুধু ওমানের সঙ্গে সমঝোতার ওপর নির্ভর করে না। যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণ দেওয়ার ওপরও নির্ভর করে।

সংবাদ সম্মেলনে আরাঘচি জানান, স্মারকের ৫ নম্বর ধারা অনুযায়ী ইরান প্রতিশ্রুতি বাস্তবায়ন করছিল। কথা ছিল এক মাসের মধ্যে জলপথে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরবে।

আরাঘচি দাবি করেন, মাত্র দুই সপ্তাহের মধ্যেই পরিস্থিতি ‘৬০ ভাগ স্বাভাবিক অবস্থায়’ ফিরে এসেছিল। তবে ইরানের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র হরমুজ দিয়ে নতুন ও অনুমোদনহীন রুট বা পথ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন তিনি।

সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক আব্বাস আসলানি আল জাজিরাকে জানান, চুক্তি লঙ্ঘন যেন সাধারণ অভ্যাসে পরিণত না হয়, সেজন্য ইরান এই ক্ষতিপূরণ দাবি করছে।

এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের খাসাব শহর থেকে ১৮ নটিক্যাল মাইল দূরে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে। হামলায় জাহাজে আগুন লাগলেও তা নিভিয়ে ফেলা সম্ভব হয় এবং জাহাজের সব ক্রু নিরাপদ রয়েছেন।

তথ্যসূত্র: আল-জাজিরা

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত