মার্কিন সেনা হত্যা বা আটক করলে ‘৩০ হাজার ডলার’ পুরস্কার দেবে ইরান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। ছবি: সংগৃহীত

কোনো মার্কিন সেনা সদস্যকে হত্যা বা আটক করে ইরানের কাছে হস্তান্তর করতে পারলে ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। একই কাজ কোনো নারী করলে ঘোষণার দ্বিগুণ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে তারা।

ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, আর্থিক সহায়তায় অংশ নিতে বিপুলসংখ্যক মানুষের অনুরোধের পর এ পরিকল্পনা নেওয়া হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে তিনি বলেন, কোনো ব্যক্তি মার্কিন সামরিক বাহিনীর কোনো সদস্যকে হত্যা বা আটক করে ইরানের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করলে ৫ বিলিয়ন তোমান বা ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে। কোনো ‘সাহসী ইরানি নারী’ এ কাজ করলে তাঁকে দ্বিগুণ পরিমাণে পুরস্কার দেওয়া হবে।

এছাড়া হরমুজ প্রণালি দখলের যেকোনো চেষ্টা করলে যুক্তরাষ্ট্রকে ‘অনুতপ্ত’ হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাতামি। তিনি বলেন, ইরানি বাহিনী যেকোনো বৈরী পরিকল্পনা মোকাবিলা এবং দেশের স্বার্থ রক্ষায় প্রস্তুত রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ নিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, এ যুদ্ধে ইরান ‘সত্যিকারের বিজয়’ অর্জন করেছে। ইসলামাবাদ সমঝোতা স্মারককে তিনি কূটনৈতিক বিজয়ের দলিল হিসেবে উল্লেখ করেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ইসলামাবাদ সমঝোতা স্মারককে ‘মর্যাদা ও শক্তির সঙ্গে’ সম্পন্ন হওয়া চুক্তি হিসেবে বর্ণনা করেছেন। তাঁর মতে, শহীদ নেতা আলী খামেনির নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে এ সমঝোতা হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ইরানের বিমান প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতার ৮৫ শতাংশের বেশি অক্ষত রয়েছে বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক কর্মকর্তা। ফারস নিউজ এজেন্সির একটি প্রামাণ্যচিত্রে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সামরিক উৎপাদন অবকাঠামোয় হামলা হলেও ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন ও সরবরাহের হার যুদ্ধের আগের সময়ের তুলনায় কমেনি। কিছু ক্ষেত্রে উৎপাদন আরও বেড়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, বর্তমানে ইরানের কার্যকর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মজুত যুদ্ধের শুরুর সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

মার্কিন সেনা হত্যা বা আটক করলে ‘৩০ হাজার ডলার’ পুরস্কার দেবে ইরান