আন্দোলনের তোপে ঝাড়খণ্ডে বাতিল ৪৪ নিয়োগ পরীক্ষা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি ছিল জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিল করা। ছবি: সংগৃহীত
আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি ছিল জেএসএসসি-সিজিএল পরীক্ষা বাতিল করা। ছবি: সংগৃহীত

অনিয়মের অভিযোগে বাতিল করা ৪৪টি নিয়োগ পরীক্ষার তালিকা প্রকাশ করেছে ভারতের ঝাড়খণ্ড সরকার। এ নিয়ে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের মধ্যেই মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে তালিকাটি প্রকাশ করা হয়।

প্রকাশিত আটটি বিজ্ঞপ্তিতে সরকার জানায়, ২০১৪ সাল থেকে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং আউটসোর্সিং প্রতিষ্ঠান টিএসআর ডেটা প্রসেসিং প্রাইভেট লিমিটেড (টিডিপিএল) পরিচালিত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে ড্রাগ ইন্সপেক্টর, সহকারী অধ্যাপক, ডেপুটি কালেক্টর, ডেন্টাল চিকিৎসক, সহকারী প্রকৌশলী, সিভিল জজ, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ফরেস্ট রেঞ্জ অফিসার পদে নিয়োগের পরীক্ষা।

এ ছাড়া সরকারি পলিটেকনিকের প্রভাষক, জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা, সহকারী বন সংরক্ষকসহ বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি পদে নিয়োগের পরীক্ষাও বাতিল করা হয়েছে।

এর আগে, সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (জেএসএসসি-সিজিএল) পরীক্ষা বাতিলের ঘোষণা দেয় রাজ্য সরকার।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি ছিল এই পরীক্ষা বাতিল করা। একই সঙ্গে টিডিপিএল পরিচালিত সব পরীক্ষা এবং প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফলও বাতিল করা হয়েছে।

আন্দোলনের সূচনা

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। রাজ্যের সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়ম, স্বচ্ছতার অভাব, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের অভিযোগ বিভিন্ন সময়ে উঠেছে।

২০২৬ সালের চলমান আন্দোলনের আগে ১৪তম জেপিএসসি ও জেএসএসসি-সিজিএলসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ সামনে আসে। এসব অভিযোগের তদন্ত এবং নিয়োগপ্রক্রিয়ায় সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ক্ষোভ ধীরে ধীরে আন্দোলনে রূপ নেয়।

গত ২৫ জুলাই রাঁচিতে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করেন। জেপিএসসি, জেএসএসসিসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অনিয়মের তদন্ত ও স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়ার দাবিতে তাঁরা আন্দোলন করে।

আন্দোলনের এক পর্যায়ে বিধানসভা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠি ব্যবহার করে। এরপরও আন্দোলন চলতে থাকে।

পরে আন্দোলনের চাপে ১৮ আগস্ট রাজ্য সরকার জেএসএসসি-সিজিএল পরীক্ষা এবং ২০১৪ সাল থেকে টিডিপিএল পরিচালিত পরীক্ষাগুলো বাতিলের ঘোষণা দেয়।

সূত্র: এনডিটিভি

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

আন্দোলনের তোপে ঝাড়খণ্ডে বাতিল ৪৪ নিয়োগ পরীক্ষা