
ইরানের বিভিন্ন স্থাপনায় টানা নবম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করতে গিয়ে এক মার্কিন সেনা নিহত হয়েছেন। এতে সাম্প্রতিক সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।
সোমবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, টানা নবম রাতের অভিযানে ইরানের সামরিক কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, উপকূলীয় নজরদারি স্থাপনা, নৌ-সামরিক সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণকেন্দ্র এবং যোগাযোগ নেটওয়ার্কে হামলা চালানো হয়েছে।
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক নাবিকদের ওপর হামলা চালানোর ইরানের সক্ষমতা আরও দুর্বল করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে সেন্টকম। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
অন্যদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সোমবার ভোরে তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাহশাহর ও বন্দর ইমাম খোমেনিসহ কয়েকটি শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শহরগুলোতে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
এর আগে যুক্তরাষ্ট্র জানায়, শনিবার উত্তর ইরাকে ভূপাতিত একটি ইরানি হামলাকারী ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হন। এর আগে জর্ডানে দুই মার্কিন সেনা নিহত এবং আরেকজন নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছিল ওয়াশিংটন। পরে সেন্টকম জানায়, হামলার স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের কিছু দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সেগুলোর পরিচয় শনাক্তের কাজ চলছে।
এর মধ্য দিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৪২০ জনের বেশি।
এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা সিরিয়ার আল-তানফ এলাকায় ‘শত্রুপক্ষের বিশেষ অভিযান সদর দপ্তরে’ আকস্মিক হামলা চালিয়েছে। এর আগে কুয়েতের আল-আদিরি ক্যাম্প ও আলি আল সালেম বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবিও করেছিল তেহরান।
কুয়েত সরকার জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা হয়েছে। এতে প্ল্যান্টটিতে আগুন ধরে যায়। দেশটির ভাষ্য, গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।
হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনার প্রভাব আশপাশের সমুদ্রপথেও পড়তে শুরু করেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি জাহাজে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে কী কারণে আগুন লেগেছে, তা নিশ্চিত করা যায়নি।
সংঘাতের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। সোমবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় তিন শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। গত ১১ জুনের পর এটিই ব্রেন্টের সর্বোচ্চ দাম।
বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নিহত মার্কিন সেনাদের স্মরণে রোববার রাতের হামলা চালানো হয়েছে।
এদিকে বাহরাইনে যুক্তরাষ্ট্রের দূতাবাস সতর্ক করে জানিয়েছে, রাজধানী মানামার কেন্দ্রীয় এলাকার কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে ইরান হামলা চালাতে পারে। এ কারণে দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
.png)
-deee67-256x144.webp)
নেপালের ভয়াবহ বন্যায় ঘরবাড়ি, অবকাঠামো ও অন্যান্য সম্পদের অন্তত ৩৮৭ দশমিক ৫ বিলিয়ন নেপালি রুপি বা প্রায় ২৫৬ কোটি ডলারের ক্ষতি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৫ হাজার কোটি টাকা।
৩ ঘণ্টা আগে
নেপালে আকস্মিক বন্যায় ৯ দিন ধরে আটকে থাকার পর জলবিদ্যুৎ প্রকল্পের টানেল থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনী ও উদ্ধারকারী দল ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের ১৭০ মিটার গভীরে আটকে থাকা দুই শ্রমিককে উদ্ধার করে।
৩ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
৬ ঘণ্টা আগে
নেপাল ও তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১,২৮০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৬২০ জনের বেশি। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১,২৫৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন।
১৫ ঘণ্টা আগে