হরমুজকে যুক্তরাষ্ট্রের দাবি ট্রাম্পের, ভ্রম ভাঙাবে বলল ইরান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

হরমুজ প্রণালীতে জাহাজ ও নৌকা। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো একটি মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে ইরান বলেছে, প্রণালিটি নিয়ে ট্রাম্পের এই ‘ভ্রম’ শিগগিরই সংশোধন করা হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মানচিত্রটি প্রকাশ করেন ট্রাম্প। এতে হরমুজ প্রণালি, ইরানের কিছু অংশ, পারস্য উপসাগর ও ওমান উপসাগর দেখানো হয়েছে। ছবিটির নিচে লেখা ছিল, ‘নতুন মার্কিন ভূখণ্ড’।

ট্রাম্পের পোস্টের প্রতিক্রিয়ায় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেন, হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের ‘ভ্রম’ শিগগিরই সংশোধন করা হবে।

হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের দাবি করে ট্রাম্পের দেওয়া পোস্ট
হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের দাবি করে ট্রাম্পের দেওয়া পোস্ট

এর আগে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ইরান আত্মসমর্পণ করলে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড ঘোষণার বিষয়ে তিনি চিন্তা করছেন। ইরানের ওপর চাপ বাড়াতে এমন পদক্ষেপের হুমকি দেন তিনি।

হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক অবস্থানও স্পষ্ট করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি বলেছেন, প্রণালিটি এখন পুরোপুরি ইরানি বাহিনীর নিয়ন্ত্রণে। তিনি বলেন, ‘শত্রুপক্ষ এখন কী করবে, তা নিজেরাই বুঝতে পারছে না।’

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র এখন ইরানের শর্তে আলোচনায় বসতে ‘অনুরোধ করছে’। তাঁর দাবি, যুদ্ধে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা। তবে ইরান আত্মসমর্পণ করবে না।

আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে ইরানের পক্ষে ১৩টি এবং যুক্তরাষ্ট্রের পক্ষে একটি শর্ত ছিল। ইসরায়েল ওই সমঝোতা বাস্তবায়ন ঠেকাতে সম্ভাব্য সবকিছু করেছে।’

তিনি বলেন, ‘আমরা যুদ্ধে জয়ী হয়েছি এবং কূটনীতিতেও জয় পেয়েছি। শত্রুপক্ষকে আমাদের শর্ত মেনে নিতে বাধ্য করেছি।’

তবে ট্রাম্প মঙ্গলবার ইরানের সঙ্গে আলোচনার দাবি অস্বীকার করেছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা চলছে না এবং আলোচনার কোনো সূচিও নেই।

যদিও নতুন এই ঘোষণার এক দিন আগে তিনি দাবি করেছিলেন, আইআরজিসির সঙ্গে যুক্তরাষ্ট্রের গোপন যোগাযোগ চলছে। তেহরান তখন ওই দাবি প্রত্যাখ্যান করেছিল।

মঙ্গলবারের একই পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ‘পুরোপুরি কার্যকর’ রয়েছে। তবে প্রণালিটি ‘খোলা ও সচল’ রয়েছে বলেও দাবি করেন তিনি। প্রণালিতে থাকা মাইনগুলো সরিয়ে ফেলা হয়েছে অথবা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত

হরমুজকে যুক্তরাষ্ট্রের দাবি ট্রাম্পের, ভ্রম ভাঙাবে বলল ইরান