অনশনে ওজন কমল ৮ কেজি, ওয়াংচুক বললেন আমি ভেতর থেকে শক্তিশালী

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

জন্তর মন্তরে টানা ১৭ দিন ধরে অনশন করছেন সোনাম ওয়াংচুক। ছবি: সংগৃহীত
জন্তর মন্তরে টানা ১৭ দিন ধরে অনশন করছেন সোনাম ওয়াংচুক। ছবি: সংগৃহীত

দিল্লির জন্তর মন্তরে টানা ১৭ দিন ধরে অনশন করছেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। সোমবার (১৩ জুলাই) প্রকাশিত সর্বশেষ স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, অনশনের কারণে ওয়াংচুকের ৮ দশমিক ২ কেজি ওজন কমেছে।

বিক্ষোভকারীরা জানান, ওয়াংচুকের ওজন কমছে। রক্তে শর্করা বারবার ৭০ মিলিগ্রামের নিচে নেমে যাচ্ছে, স্বাভাবিক অবস্থার চেেয় ৩০ মিলিগ্রাম কম। তাঁর পাঁজরের হাড় এখন স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু আলোচনার জন্য কেন্দ্রীয় সরকার এখন পর্যন্ত কোনো প্রতিনিধি পাঠায়নি।

সাংবাদিকদের ওয়াংচুক বলেন, আমি বাইরে থেকে দুর্বল। কিন্তু ভেতর থেকে শক্তিশালী।

ভারতের শিক্ষাব্যবস্থা সংস্কারের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) জন্তর মন্তরে ২০ জুন থেকে বিক্ষোভ শুরু করে। ২৯ জুন আন্দোলনে যোগ দেন সোনম ওয়াংচুক।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের নেতৃত্বে আন্দোলনকারীরা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছেন।

তবে ধর্মেন্দ্র প্রধান এই দাবি প্রত্যাখ্যান করেছেন। এনডিটিভিকে তিনি সিজেপি ও এর সমর্থকদের ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বি-টিম’ উল্লেখ করেন। তাঁর ভাষ্য, এসব মানুষ দেশের অগ্রগতিতে বিশ্বাস করে না।

এদিকে, ওয়াংচুককে অনশন শেষ করার আহ্বান জানিয়েছেন কয়েক নেতা। তাদের মধ্যে রয়েছেন শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরে এবং ডিএমকের সংসদ সদস্য কানিমোঝি। ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ প্রকাশ করে কানিমোঝি বলেন, দেশের জন্য তাঁকে প্রয়োজন।

এক্সের পোস্টে কানিমোঝি লেখেন, অনশন ১৬তম দিনে প্রবেশ করায় সমাজ সংস্কারক সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। তাঁর অনশন তাঁর বিশ্বাসের দৃঢ়তা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগের প্রতিফলন।

তিনি আরও লেখেন, মেডিকেল ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিয়ে তিনি যে গুরুতর প্রশ্ন তুলেছেন এবং জবাবদিহির যে দাবি জানিয়েছেন, সেগুলো কেন্দ্রের বিজেপি সরকারের আন্তরিকতার সঙ্গে সমাধান করা উচিত। আমি আন্তরিকভাবে তাঁর কাছে অনশন শেষ করার আবেদন জানাচ্ছি।

শিবসেনা (ইউবিটি) নেতা উদ্ধব ঠাকরেও ওয়াংচুককে অনশন প্রত্যাহারের আহ্বান জানান। একইসঙ্গে তিনি ওয়াংচুকের দাবির প্রতি সমর্থন জানান।

ঠাকরে আগামী ২০ জুলাই ককরোচ জনতা পার্টির মার্চ টু পার্লামেন্ট সমর্থন করেছেন। দেশের যুবসমাজের ভবিষ্যতের কথা বিবেচনা করে তিনি রাহুল গান্ধীসহ অন্যান্য দলের রাজনৈতিক নেতাদের ওই কর্মসূচিতে সমর্থন দেওয়ার আহ্বান জানান।

গত বছরের অক্টোবরে ওয়াংচুককে গ্রেপ্তার করা হয়েছিল। সরকারে অভিযোগ, তিনি লাদাখে বিক্ষোভ উসকে দিচ্ছেন। ওয়াংচুক অবশ্য ওই অভিযোগ অস্বীকার করেছিলেন। পরে ১৭০ দিন কারাগারে থাকার পর কর্তৃপক্ষ অভিযোগ প্রত্যাহার করলে মুক্তি পান ওয়াংচুক।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত