মক্কা চুক্তিতে ঢাকা প্রসঙ্গে জয়সোয়াল, সুরক্ষা নিশ্চিতে পদক্ষেপ নিচ্ছি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ভিডিও থেকে নেওয়া ছবি
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল। ভিডিও থেকে নেওয়া ছবি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি নজরে রাখছে ভারত। শুক্রবার (২৮ আগস্ট) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা জানান।

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ‘ইসলামিক পরিবার’ আখ্যা দিয়ে সাংবাদিক প্রশ্ন করেন, এতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া কী? জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘ভারতের নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সকল ঘটনা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। দেশের সুরক্ষা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।’

এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি সদস্যদেশগুলোর চাওয়ার ওপর নির্ভর করছে। তিনি জানান, সদস্যদেশগুলো বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়ে আগ্রহ বা অভিপ্রায় প্রকাশ করলে বাংলাদেশ ইতিবাচকভাবে বিবেচনা করবে।

অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টের বিশ্লেষণে বলা হয়, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। ঢাকা হয়তো সরাসরি এই জোটে যোগ দেবে না। তবে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা বঙ্গোপসাগরের নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। এছাড়া ভারতের পূর্বাঞ্চলীয় কৌশলকে চ্যালেঞ্জ করতে পারে এবং দক্ষিণ এশিয়ায় আঙ্কারা-ইসলামাবাদের প্রভাব আরও গভীর করতে পারে।

ব্রিফিংয়ে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগ ও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা দেশটির সরকারের দায়িত্ব।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত