যুক্তরাষ্ট্রের ‘নিয়ন্ত্রণে’ হরমুজের অবস্থা ভালো, দাবি ট্রাম্পের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

লারাক দ্বীপের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল। ছবি: সংগৃহীত
লারাক দ্বীপের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে এবং যুক্তরাষ্ট্র এর নিয়ন্ত্রণ নিচ্ছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, মার্কিন নৌবাহিনীর সহায়তায় প্রতি রাতে গড়ে ৩০ জাহাজ প্রণালি পার হচ্ছে।

ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি এখন “চরম ভালো অবস্থায়” রয়েছে। আমরা নিয়ন্ত্রণ নিচ্ছি। মার্কিন নৌবাহিনীর সহায়তায় গত রাতেও বহু জাহাজ পার হয়েছে এবং আমরা প্রতি রাতে গড়ে প্রায় ৩০ বাণিজ্যিক জাহাজ চলাচলে সহায়তা দিচ্ছি।’

এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের সাম্প্রতিক হামলার জবাবে যুক্তরাষ্ট্র পাল্টা আঘাত হানবে এবং এর কঠোর সামরিক জবাব দেওয়া হবে।

জবাবে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর যৌথ বিবৃতিতে হুঁশিয়ারি দেয়, ইরানের ওপর হামলা চালানোয় ব্যবহৃত হওয়া যেকোনো স্থানকেই লক্ষ্যবস্তু করা হবে।

বিবৃতিতে বলা হয়, সতর্কতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের কিছু দেশের ভূখণ্ড, আকাশসীমা ও সামরিক স্থাপনা ব্যবহার করে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে। ইরান প্রতিবেশীদের সার্বভৌমত্বকে সম্মান করে, তবে কোনো আগ্রাসন সহ্য করবে না। নতুন কোনো আক্রমণ হলে আরও কঠিন জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের সামনে এই অঞ্চল ত্যাগ করা ছাড়া কোনো বিকল্প নেই।

হরমুজ প্রণালিতে নৌ-মাইন স্থাপনের প্রস্তুতির অভিযোগে রোববার ইরানের লারাক দ্বীপে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে আঘাত হানে ইরানের ড্রোন ও রকেট। গত এক মাসের মধ্যে এটিই দুই দেশের প্রথম সরাসরি সামরিক সংঘাত।

সোমবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প দাবি করেন, অর্থনৈতিক ও সামরিক চাপে ইরান এখন ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে। ট্রাম্প লেখেন, ‘ইরান শেষ হয়ে গেছে! তাদের নৌবাহিনী, বিমানবাহিনী বা মুদ্রা নেই, তারা সৈন্যদের বেতন দিতে পারছে না, মুদ্রাস্ফীতি ৩০০ শতাংশ এবং নেতৃত্ব চরম বিশৃঙ্খল।’

তিনি দাবি করেন, ইরানি কর্তৃপক্ষ ১ লাখেরও বেশি মানুষ হত্যা করেছে এবং তাঁদের যুদ্ধাপরাধের দায়ে বিচার হওয়া উচিত।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত