রাশিয়া ও ইউক্রেন যাচ্ছেন ট্রাম্পের দুই দূত, লক্ষ্য যুদ্ধ বন্ধ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪১
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংগৃহীত ছবি
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংগৃহীত ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা পুনরায় শুরু করতে দেশ দুটিতে যাচ্ছেন মার্কিন বিশেষ দূতেরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার ৫ ও ৬ সেপ্টেম্বর মস্কো সফর করবেন। এরপর তাঁদের কিয়েভে যাওয়ার কথা রয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সফরের বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তাঁদের প্রতিনিধিদল ট্রাম্প প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। জেলেনস্কি বলেন, ‘তাঁরা জানিয়েছে, মস্কো এবং কিয়েভে বৈঠক হবে।’

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ (ডানে) এবং জ্যারেড কুশনার (বামে)। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ (ডানে) এবং জ্যারেড কুশনার (বামে)। ছবি: সংগৃহীত

এর আগে গত জানুয়ারিতে উইটকফ-কুশনারের রাশিয়া সফরের পর রুশ রাষ্ট্রপতির সহকারী ইউরি উশাকভ জানান, গঠনমূলক আলোচনা হয়েছে।

কিছুদিন আগেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা ‘স্থবির’ বলেছিলেন। তবে বৃহস্পতিবার রাশিয়ার দূরপ্রাচ্যের অর্থনৈতিক ফোরামে পুতিন জানান, যুক্তরাষ্ট্র ও চীনসহ একাধিক দেশ শান্তিচুক্তি সমর্থন করতে প্রস্তুত।

সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘যারা সমঝোতায় অবদান রাখার চেষ্টা করছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহাও সাংবাদিকদের জানান, কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির মধ্য দিয়ে শান্তি প্রচেষ্টায় ‘নতুন গতিশীলতা’ এসেছে।

কূটনৈতিক এই তৎপরতার মধ্যেও উভয় পক্ষ হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার কিয়েভে ইউক্রেনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর প্রধান কার্যালয়ে রাশিয়ার ড্রোন হামলায় সাতজন আহত হয়েছেন। প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ড্রোনটি সরাসরি এসবিইউ প্রধান ওলেক্সান্ডার পকলাদের কার্যালয় লক্ষ্য করে আঘাত হানে।

ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা জানান, একই দিনে দেশটির ওদেসায় রাশিয়ার হামলায় একজন নিহত ও শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। দিনিপ্রোতে নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা। কিয়েভের একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় আহত হয়েছেন তিনজন।

অন্যদিকে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে কৃষ্ণসাগর তীরবর্তী সোচি ও সিরিয়াস এলাকায় ড্রোন হামলা চালিয়েছে।

তথ্যসূত্র: আল-জাজিরা

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত