
এশিয়ান গেমসে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া হকি ম্যাচের আগে ভুল করে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানের গিফুর গ্রিন স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার পুরুষ হকি দলের ম্যাচ হয়।
ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রা মাঠে সারিবদ্ধ হয়ে দাঁড়ালে হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার বদলে উত্তর কোরিয়ার জাতীয় সংগীত বাজতে শুরু করে। এ সময় দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকাতে থাকেন।
ভুল বুঝতে পেরে স্টেডিয়ামের ঘোষক তাৎক্ষণিক ক্ষমা প্রার্থনা করে বলেন, ‘আমরা সত্যিই দুঃখিত, অত্যন্ত দুঃখিত। রিপাবলিক অব কোরিয়ার (দক্ষিণ কোরিয়া) জাতীয় সংগীতের পরিবর্তে আমরা একটি ভিন্ন গান বাজিয়ে ফেলেছি। আমি সত্যিই ক্ষমাপ্রার্থী।’
এই অপ্রীতিকর ঘটনার পর পুনরায় দক্ষিণ কোরিয়ার জাতীয় সংগীত বাজানো হয় এবং ম্যাচ শুরু হয়। ম্যাচে বাংলাদেশকে ৫-০ গোলে পরাজিত করে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ায় উত্তর কোরিয়ার জাতীয় সংগীত এবং অন্যান্য প্রতীক সম্পূর্ণ নিষিদ্ধ।১৯৫০-১৯৫৩ সালের কোরীয় যুদ্ধ কোনো আনুষ্ঠানিক শান্তি চুক্তি ছাড়াই কেবল অস্ত্রবিরতির মাধ্যমে শেষ হয়েছিল। ফলে দুই দেশ তাত্ত্বিকভাবে এখনো যুদ্ধরত অবস্থায় রয়েছে। এশিয়ান গেমসের আয়োজক কমিটি এই ভুলের বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি।
.png)






