ভারতে ক্যান্টনমেন্ট থেকে একে-২০৩ রাইফেলসহ অস্ত্র চুরি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২: ০৫
একে-২০৩ রাইফেল। ছবি: সংগৃহীত
একে-২০৩ রাইফেল। ছবি: সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যের সেকেন্দ্রাবাদ ক্যান্টনমেন্ট থেকে ১২টি অস্ত্র চুরি গেছে। চুরি হওয়া অস্ত্রের মধ্যে ৪টি একে-২০৩ রাইফেল, ৭টি পিস্তল ও ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১টি অ্যাসল্ট রাইফেল। এ ছাড়া এক হাজারের বেশি গুলি এবং এক জোড়া নাইট-ভিশন দূরবীনও চুরি হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা সূত্র।

গত সোমবার (৩১ আগস্ট) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে চুরির বিষয়টি ধরা পড়ে। সেনাবাহিনীর ২০ মাদ্রাজ রেজিমেন্টের স্টোররুম থেকে অস্ত্রগুলো চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করেছে পুলিশ। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, রেজিমেন্টের পূর্ণ সহযোগিতায় তদন্ত শুরু হয়েছে।

তালা ভেঙে অস্ত্র চুরি

সেনাবাহিনীর প্রতিটি ইউনিটে অস্ত্র রাখার জন্য ‘কোটে’ নামে একটি নিরাপদ কক্ষ থাকে। সেখানে অস্ত্র ও গোলাবারুদ তালাবদ্ধ করে রাখা হয়। প্রতিদিন সন্ধ্যায় কক্ষটি সিলগালা করা হয় এবং পরদিন সকালে খোলা হয়। জরুরি প্রয়োজন ছাড়া এই সিল খোলা হয় না।

সেনা কর্মকর্তার করা অভিযোগ অনুযায়ী, সোমবার কোটে ও ব্যাটালিয়ন ম্যাগাজিন বা গোলাবারুদ রাখার স্থান খোলার পর চুরির বিষয়টি ধরা পড়ে। তখন দরজার তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। অস্ত্র ও গোলাবারুদ রাখা বাক্সগুলোর তালাও ভাঙা পাওয়া যায়।

হিসাবসংক্রান্ত নথি যাচাই করে দেখা যায়, নথিতে থাকা মজুদের সঙ্গে বাস্তবে থাকা অস্ত্র ও গোলাবারুদের হিসাব মিলছে না।

গত ৩০ আগস্ট সন্ধ্যা ৬টায় কোটে ও ব্যাটালিয়ন ম্যাগাজিন বন্ধ করার আগে সর্বশেষ অস্ত্র ও গোলাবারুদের হিসাব করা হয়েছিল।

ইউনিটের বেশির ভাগ সদস্য ছিলেন প্রশিক্ষণে

২০ মাদ্রাজ রেজিমেন্টের সদস্যরা তখন মরুভূমি এলাকায় একটি ফিল্ড ফায়ারিং প্রশিক্ষণে ছিলেন। এসময় ক্যান্টনমেন্টে পাহারা ও অন্যান্য দায়িত্ব পালনের জন্য প্রায় ১০০ জন সেনাসদস্যের একটি দল ছিল। সাধারণত একটি কোটের নিরাপত্তায় আটজন সেনাসদস্য থাকেন।

চুরির বিষয়টি জানাজানির পর সেনাবাহিনী সংশ্লিষ্ট শাখার সব প্রবেশপথ বন্ধ করে তদন্ত শুরু করে। অস্ত্র ও গোলাবারুদের মজুদের হিসাব আবার করা হচ্ছে। পাশাপাশি স্টোররুম ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিষয়টি জানানো হয়েছে। চুরির ঘটনা কীভাবে ঘটল, তা জানতে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত