আইসিইউতে হাতকড়া পরা ভাইরাল সেই আওয়ামী লীগ নেতার মৃত্যু

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বরিশাল

পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মনির খান। সংগৃহীত ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে হাতকড়া পরা ছবির মাধ্যমে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ওরফে মনির খানের (৪৮) মৃত্যু হয়েছে।

দীর্ঘদিন কারাবন্দী অবস্থায় চিকিৎসাধীন থাকার পর বুধবার (৫ আগস্ট) বিকেলে তিনি হাসপাতালে মারা যান। মনির খান পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

গত বছরের ১৪ সেপ্টেম্বর ঢাকায় একটি হত্যা মামলায় মনির খান ও তার স্ত্রী সালমা জাহানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হলে প্রায় ১১ মাস ধরে কারাবন্দী ছিলেন তিনি। তার স্ত্রী তিন মামলায় ছয় মাস কারাভোগের পর বর্তমানে জামিনে রয়েছেন।

মনির খানের আইনজীবী জানান, চলতি বছরের ১৪ জুন থেকে ঢামেক হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের আইসিইউতে ভর্তি ছিলেন মনির। ভর্তির দুই দিন পরই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় এবং এরপর থেকে আর তার জ্ঞান ফেরেনি। প্রায় দেড় মাসেরও বেশি সময় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর আজ বিকেলে তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ জুন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মনির খান। প্রথমে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় স্নায়ুবিজ্ঞান ইনস্টিটিউটে নেওয়ার পর শেষ পর্যন্ত ঢামেক হাসপাতালের আইসিইউতেই ভর্তি রাখা হয়।

আইসিইউতে হাতকড়া পরা ছড়ানো ছবিটি স্বামীর বলে নিশ্চিত করে স্ত্রী সালমা জাহান জানান, হাসপাতালে ভর্তি থাকার পরও প্রায় এক মাস তার স্বামীর হাতে হাতকড়া পরানো ছিল। চিকিৎসকের কাছ থেকে অবস্থার অবনতির কথা জানার পর স্বজনদের অনুরোধে পুলিশ হাতকড়া খুলে দেয়।

আইনজীবী এইচ এম সারোয়ার হোসেন জানান, বিভিন্ন মামলায় জামিন মিললেও অন্য মামলায় কারামুক্ত হওয়া সম্ভব হয়নি। আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে থাকা সত্ত্বেও তাকে ভার্চ্যুয়াল আদালতে তলব করে শুনানির মুখোমুখি হতে হয়েছিল।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত