প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্ট

এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর কারাগারে

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বগুড়া

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১২: ১৮
বগুড়ার আদালতে ডিবি সদস্যদের সঙ্গে এনসিপির অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। ছবি : স্ট্রিম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সাইবার সুরক্ষা আইনের মামলায় বুধবার (৫ আগস্ট) বগুড়া সদর আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার রাতে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ রাজধানী থেকে তাঁকে গ্রেপ্তার করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা হয়েছিল। ওই মামলায় ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সম্প্রতি, সিলেটে এনসিপির পথসভায় বিএনপি ও অঙ্গ-সংগঠনের হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর। আপত্তিকর হওয়ায় পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হলে তিনি তা মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন।

পরে এ ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গত রোববার (২ আগস্ট) সাইবার সুরক্ষা আইনে তানভীরের বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৯ জুলাই তানভীরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে করা একটি পোস্ট বাদীর নজরে আসে। ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সমালোচনার মুখে পড়ে তিনি পোস্টটি মুছে ফেলেন।

এজাহারে আরও বলা হয়, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হয়েছে। বিষয়টি বিএনপির একাধিক নেতা-কর্মীর নজরে আসার পর দলীয় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীকে নিয়ে ওই পোস্ট দেওয়ার ঘটনায় গত ১ আগস্ট এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিবের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় গাজী সালাউদ্দিন তানভীরকে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে দুই কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

এনসিপির পক্ষ থেকে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং এটি গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের শামিল। তাই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশে তাকে অবিলম্বে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে।

দল থেকে অব্যাহতির দেওয়ার সিদ্ধান্ত জানানোর পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তানভীর।

এটি এনসিপি থেকে তানভীরের দ্বিতীয়বারের মতো অব্যাহতি। এর আগে, ২০২৫ সালের এপ্রিলে সচিবালয়ে প্রবেশ করে জেলা প্রশাসক নিয়োগে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠার পর তাকেও সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল।

প্রায় এক বছর পর অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২০২৬ সালের ১৬ এপ্রিল তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয়। তবে সাড়ে তিন মাসের মাথায় প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত পোস্টের ঘটনায় দ্বিতীয়বার সাংগঠনিক ব্যবস্থা নিল এনসিপি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত