মিয়ানমার সীমান্তে বিজিবির দুই ঘাঁটি উদ্বোধন

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ঢাকা

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১১
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় নতুন ঘাঁটি দুটি উদ্ভোধন করা হয়। ছবি: সংগৃহীত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় নতুন ঘাঁটি দুটি উদ্ভোধন করা হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় দুটি নতুন টেম্পোরারি অপারেশনাল বেস (টিওবি) বা অস্থায়ী ঘাঁটি উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে ঘুমধুম ইউনিয়নের আরচ্ছতলা টিলা ও হাতুরানী টিলা এলাকায় নবনির্মিত টিওবি দুটি উদ্বোধন করেন বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার টিওবি দুটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় সেখানে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন বলেন, নতুন দুটি টিওবির মাধ্যমে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও কার্যকর হবে। দুর্গম ও ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার সক্ষমতাও বাড়বে।

তিনি আরও বলেন, নতুন টিওবিগুলো মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির সক্ষমতা বাড়াবে।

বিজিবি জানায়, সীমান্তের দুর্গম এলাকাগুলোতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি নিয়মিত নজরদারি ও টহল জোরদার করতেই নতুন টিওবি দুটি স্থাপন করা হয়েছে।

এসময় বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত