গোপালগঞ্জে শেখ হাসিনার এপিএস লিকুর শ্যালকের ভবন ক্রোক, রিসিভার নিয়োগ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
গোপালগঞ্জ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৫৮
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

আদালতের নির্দেশে গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর শ্যালক শেখ মো. ইকরাম হালিমের ১০তলা ভবন ‘স্বর্ণা টাওয়ার’ ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের গোবরা নিলার মাঠ এলাকায় অবস্থিত ভবনটিতে অভিযান চালিয়ে মালামালের তালিকা প্রস্তুত শেষে তা ক্রোক করা হয়। একই সঙ্গে ভবনটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের আদেশে পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসন, পুলিশ, গণপূর্ত বিভাগ ও গোপালগঞ্জ পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশনা অনুযায়ী ভবনের ব্যবস্থাপনার জন্য দুদক গোপালগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল লতিফ হাওলাদার ও উপসহকারী পরিচালক আফছার উদ্দিনকে রিসিভার করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়-১-এ দায়ের করা দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে একই বছরের ২৬ জুন আদালত ভবনটি ক্রোকের আদেশ দেন। ৩০টি আবাসিক ইউনিট, লিফট ও সিসিটিভি সুবিধাসংবলিত এই ভবনের যাবতীয় রাজস্ব এখন রিসিভারের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হবে।

তবে ক্রোক আদেশের বিষয়ে আগে জানা ছিল না দাবি করে ভবন মালিকের ভাই আবুল কালাম আজাদ বলেন, ‘আমি ও আমার ভাই প্রায় ৩০ বছর ধরে প্রবাসে কর্মরত। ভাইয়ের রেমিট্যান্সের টাকায় ভবনটি তৈরি হয়েছে, এতে লিকু গাজীর কোনো অর্থ নেই।’ মঙ্গলবার নোটিশ পাওয়ার পরই তারা বিষয়টি জানতে পেরেছেন বলে দাবি করেন তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত