বগুড়ায় ৪০০ একর জমিতে হচ্ছে এসএমই শিল্পপার্ক

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১৯: ০১
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সংগৃহীত ছবি

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে নতুন কারখানা স্থাপনের চাহিদা বিবেচনায় এসএমই উদ্যোক্তাদের জন্য নতুন একটি শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা করছে সরকার। বগুড়া সদর উপজেলার ফাপোড় ইউনিয়নে প্রায় ৪০০ একর জমিতে এটি গড়ে তোলা হবে।

আগামী শীত মৌসুমেই শিল্পপার্কটির প্রাথমিক উন্নয়নকাজ শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার (৮ আগস্ট) বগুড়ায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালনা পর্ষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ‘বগুড়া দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশের অন্যতম কেন্দ্র হয়ে ওঠার সম্ভাবনা রাখে। বিশেষ করে এই অঞ্চল হালকা প্রকৌশল শিল্পের গুরুত্বপূর্ণ হাব হয়ে উঠতে পারে। এই সম্ভাবনা কাজে লাগাতে প্রয়োজনীয় শিল্প অবকাঠামো ও সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার।’

শিল্পখাতে অর্থায়ন ব্যয় কমানোর ওপর গুরুত্বারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, উচ্চ সুদে ঋণ নিয়ে ব্যবসা করা কঠিন। এছাড়া শিল্পোদ্যোক্তাদের জন্য জ্বালানি ও বিদ্যুতের সহজলভ্যতা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

মন্ত্রী জানান, সরকার গ্যাস সংযোগ সহজ করা ও কম খরচে অর্থায়নের সুযোগ তৈরিতে কাজ করছে। এছাড়া শিল্পপার্কে উদ্যোক্তারা সরকারের ক্রেডিট হোলসেলিং স্কিমের আওতায় তুলনামূলক কম সুদে ঋণের সুযোগ পাবেন বলে জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, প্রস্তাবিত শিল্পপার্কে সরকার শুধু অবকাঠামোই তৈরি করবে না। একই সঙ্গে সেখানে কারিগরি প্রশিক্ষণ, দক্ষ জনশক্তি তৈরি এবং শিল্প স্থাপনে প্রয়োজনীয় তথ্য ও কারিগরি সহায়তার ব্যবস্থাও করবে। দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং নতুন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদে টেকসই করতে সরকারের এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করনে তিনি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্বাগত বক্তব্য রাখেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এমএসএম আতিকুর রহমান বাদল।

অনুষ্ঠানে চেম্বারের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সদস্যদের পরিচয় তুলে ধরা হয়। পাশাপাশি তাদের দায়িত্ব, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও ব্যবসায়ীদের জন্য সেবার পরিধি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত